উন্নয়ন প্রকল্প নিয়ে রেষারেষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৫২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়ে শিক্ষকদের মধ্যে রেষারেষি তীব্রতর হয়েছে। এ অবস্থায় আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএসএমএমইউতে যাচ্ছেন উন্নয়ন প্রকল্পের একটি অংশের উদ্বোধন করতে।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের কমপক্ষে পাঁচজন সদস্য প্রথম আলোকে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত এবং প্রকল্প পরিচালক আবু নাসের রিজভি উন্নয়ন প্রকল্প সম্পর্কে সিন্ডিকেটকে কিছু জানাননি। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এবং স্বচ্ছতার স্বার্থে তাঁরা সিন্ডিকেটকে এড়াতে পারেন না। বিষয়টি সিন্ডিকেটের বৈঠকে ওঠালেও কোনো কাজ হয়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ জুলফিকার রহমান খানকেও কিছু জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত এবং প্রকল্প পরিচালক আবু নাসের রিজভি প্রথম আলোকে বলেছেন, সরকারি অর্থায়নে চলা প্রকল্প সম্পর্কে সিন্ডিকেটকে অবহিত করার কোনো প্রয়োজন নেই।
তবে সিন্ডিকেটের কার্যবিবরণীতে দেখা গেছে, উপাচার্য প্রাণ গোপাল দত্ত উন্নয়ন প্রকল্প সম্পর্কে সিন্ডিকেটকে অবহিত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন গত জুনে। কিন্তু ২০ অক্টোবর অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকেও এ নিয়ে কোনো আলোচনা হয়নি।
সিন্ডিকেটের একজন জ্যেষ্ঠ সদস্য বলেছেন, সিন্ডিকেট যেকোনো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদ। গুরুত্বপূর্ণ কাজে যদি সিন্ডিকেটকে সম্পৃক্ত না-ই করা হলো, তাহলে সিন্ডিকেটের যৌক্তিকতা কোথায়। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ চলছে, এটা ইতিবাচক ঘটনা। এ বিষয়ে লুকোছাপা কেন করা হচ্ছে, তা তাঁরা বুঝতে পারছেন না।
বিরোধের সূত্রপাত: ৫২৫ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে ‘সেন্টার অব একসেলেন্সে রূপান্তর’ প্রকল্পটি শুরু হয় ২০১০ সালের আগস্টে। প্রকল্পের আওতায় বহির্বিভাগে একটি ভবন, একটি সম্মেলন কেন্দ্র, ক্যানসার ভবন, চিকিৎসকদের আবাসন ও কেবিন ব্লকের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং অপারেশন থিয়েটার নির্মাণ করার কথা। চার বছর পেরিয়ে গেলেও এ ব্যাপারে সিন্ডিকেট বা কোষাধ্যক্ষ কিছু জানতে পারেননি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের তহবিলের সার্বিক তত্ত্বাবধান করার কথা কোষাধ্যক্ষের। যে খাতের জন্য টাকা বরাদ্দ হয়েছে, তা সেই খাতেই ব্যয় হয়েছে কি না, সেটা দেখার দায়িত্বও কোষাধ্যক্ষের।
বিশ্ববিদ্যালয়ের ৪৬তম সভায় কোষাধ্যক্ষ জুলফিকার রহমান খান বাজেট উত্থাপন করেন। বাজেটে তিনি রাজস্ব খাতে আয়-ব্যয়ের হিসাব তুলে ধরলেও উন্নয়ন বাজেট সম্পর্কে কোনো তথ্য দেননি। বৈঠকের কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের মৌলিক বিজ্ঞান অনুষদের ডিন এম ইকবাল আর্সলান ওই বৈঠকে বলেন, বিশ্ববিদ্যালয়ে যে যে খাত থেকে অর্থ আসে, সেই অর্থ ব্যয়ের প্রতিফলন বাজেটে থাকা উচিত। বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব একসেলেন্স প্রকল্পসহ অন্যান্য প্রকল্পের আয়-ব্যয় বাজেটে অন্তর্ভুক্ত থাকা উচিত।
ওই একই বৈঠকে অধ্যাপক মাহমুদ হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের কত টাকা কোনো খাতে ব্যয় হয়, তা কোষাধ্যক্ষের যেমন জানা উচিত, তেমনি সিন্ডিকেটকেও জানানো দরকার। উত্তরে উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেছিলেন, পরবর্তী সিন্ডিকেট সভায় উন্নয়ন বাজেট পেশ করা হবে।
সূত্রগুলো বলছে, ওই বৈঠকের পর জুলফিকার রহমান খান উন্নয়ন বাজেটের খতিয়ান চেয়ে প্রকল্প পরিচালক বরাবর চিঠি দিলেও তার কোনো উত্তর পাননি। পরের বৈঠকেও প্রকল্পটি সম্পর্কে কিছু জানাননি উপাচার্য। সার্জারি অনুষদের ডিন কনককান্তি বড়ুয়াও ওই বৈঠকের পর তথ্য জানতে চেয়ে চিঠি দেন। কিন্তু উত্তর পাননি।
তবে বৈঠকের কার্যবিবরণীতে যাঁদের নাম উল্লেখ আছে, তাঁদের কেউই কোনো কথা বলতে রাজি হননি। কোষাধ্যক্ষ জুলফিকার রহমান খান শুধু বলেছেন, উন্নয়ন প্রকল্পের আয়-ব্যয় সম্পর্কে তিনি জানেন না।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব একসেলেন্স প্রকল্পের আয়-ব্যয়ের হিসাব জানে মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাকায় প্রকল্প গণপূর্ত বিভাগ বাস্তবায়ন করছে। টাকাপয়সার কোনো খবর তিনি জানেন না।
তবে প্রকল্প পরিচালক আবু নাসের রিজভি বলেছেন, প্রকল্প শেষ হলে নিয়ম অনুযায়ী সবাইকে জানানো হবে।