সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে সময় নষ্ট না করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার বিসিএস অর্থনৈতিক ক্যাডারের কর্মকর্তা ও অর্থনৈতিক ক্যাডার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে এলে তিনি এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, ‘দ্রুতগতিতে দেশের উন্নয়ন করতে চাই আমরা। আমাদের হাতে নষ্ট করার মতো সময় নেই।’ তিনি অভিযোগ করেন, বিগত বিএনপি-জামায়াত জোট ও তত্ত্বাবধায়ক সরকারের সাত বছরে দেশে কাঙ্ক্ষিত-পর্যায়ের উন্নয়ন হয়নি। তাই বর্তমান সরকারকে পেছনের ক্ষতি পুষিয়ে নিতে কঠোর পরিশ্রম করতে হচ্ছে।উন্নয়ন প্রকল্প প্রস্তাবসংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো দ্রুত শেষ করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা দেশের সুষম উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, এ জন্য জাতির বৃহত্তর স্বার্থে আমাদের সব উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে।’আগামী জুনে নতুন বাজেট ঘোষণার পরপরই জুলাই-আগস্টের মধ্যে সব প্রকল্পের প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করা-সংক্রান্ত কাজ শেষ করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। অর্থনৈতিক ক্যাডারের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের আন্তরিক প্রয়াস ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সব উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে তাঁদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার তাগিদ দেন। সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা আপনাদের বেতন বাড়িয়েছি, এখন আপনাদের পালা জনগণের কল্যাণে কাজ করা।’ এ সময় বিসিএস অর্থনৈতিক কর্মকর্তারা তাঁদের বিভিন্ন দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। তাঁদের যৌক্তিক দাবিগুলো যথাসময়ে পূরণ করা হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব হাবিব উল্লাহ মজুমদার এবং অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল আহসান বক্তৃতা করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও প্রেস-সচিব আবুল কালাম আজাদ।মস্কোতে সন্ত্রাসী হামলার নিন্দা: রাশিয়ার রাজধানী মস্কোতে পাতালরেলে গত ২৯ মার্চ সন্ত্রাসী হামলায় নিরপরাধ লোকের প্রাণহানিতে সমবেদনা ও হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী। রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘মস্কোর পাতালরেলে সন্ত্রাসী হামলা এবং নিরপরাধ লোকের প্রাণহানির খবরে আমি মর্মাহত। বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসের বিপক্ষে, আমি এ আক্রমণের নিন্দা জানাই।’