উন্নয়ন প্রকল্পে দুর্নীতি সহ্য করবে না ইইউ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত কোনো উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে তাতে কোনো রকম ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকায় কর্মরত ইউরোপের কূটনীতিকেরা।গতকাল রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ইউরোপের কূটনীতিকেরা দুর্নীতি বিষয়ে তাঁদের এ অভিমত তুলে ধরেন। বাংলাদেশে ইইউ অর্থায়নে উন্নয়ন-সহায়তার বার্ষিক কর্মপরিকল্পনা বিষয়ে রাজধানীর একটি হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক যে দুর্নীতির অভিযোগ এনেছে, এ প্রেক্ষাপটে বাংলাদেশে দুর্নীতির পরিস্থিতি কীভাবে মূল্যায়ন করেন, জানতে চাইলে ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূত সেন্ড ওলিং বলেন, ‘অর্থনৈতিক অগ্রগতিতে বড় বাধা হচ্ছে দুর্নীতি। তাই দুর্নীতির ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিতে রাজি নই।’এ বিষয়ে ঢাকায় ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হানা বলেন, ‘আমাদের অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্পে কোনো রকম দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিই না। পদ্মা সেতু প্রকল্পে যদিও আমরা জড়িত নই, তার পরও বলব, দুর্নীতির অভিযোগ যেহেতু উঠেছে, এর তদন্ত হওয়া উচিত।’তিনি বলেন, ‘দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করে তাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত।’বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে উইলিয়াম হানা ২০০৮ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, ‘আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। এ জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’ইইউ বাংলাদেশের জন্য ২০১১ সালে সব মিলিয়ে ১৪৯ দশমিক ৮ মিলিয়ন ইউরো দেবে। এর মধ্যে মানবসম্পদ ও সমাজ উন্নয়নে ৫৪ মিলিয়ন, সুশাসন ও মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে ২৪ মিলিয়ন এবং ২০ মিলিয়ন পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনার কাজে দেওয়া হবে।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন, জার্মান রাষ্ট্রদূত হোলগার মিখায়েল, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আলফন্স হেনিক্যান্স, স্পেনের রাষ্ট্রদূত লুইস তেজাদা ছাকন, সুইডেনের রাষ্ট্রদূত আনেলি লিন্ডাল কেনি ছাড়াও ফ্রান্স ও ইতালি দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।