উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত সব কর্মকর্তা-কর্মচারীকে যোগদানের তারিখ থেকে চাকরিকাল গণনা করে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল প্রদান এবং জ্যেষ্ঠতা নির্ধারণের দাবি জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। এই দাবি বাস্তবায়নে তাঁরা সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছেন। গতকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সরকারি উন্নয়ন প্রকল্প কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। ১৯৯৭ সালের পর উন্নয়ন প্রকল্পে যোগদানকারী ২১ হাজার কর্মকর্তা-কর্মচারীকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। পরিষদের নেতারা ১৮ মার্চের মধ্যে তাঁদের দাবি বাস্তবায়নে সময়সীমা বেঁধে দিয়েছেন। পরিষদের সভাপতি এস এম জসিম উদ্দিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে পরিষদের সহসভাপতি জাফর আহমেদ সিকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।