উন্নয়ন ফি কমল ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে উন্নয়ন ফি কমিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাঁচ হাজার থেকে কমিয়ে উন্নয়ন ফি তিন হাজার টাকা করা হয়েছে।এ ছাড়া পরবর্তী শিক্ষাবর্ষ থেকে উন্নয়ন ফি বাতিল করতে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে গতকাল রোববার বিকেলে প্রায় তিন ঘণ্টার আলোচনা শেষে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। পরে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উন্নয়ন ফি পাঁচ হাজার থেকে দুই হাজার টাকা কমানোর ঘোষণা দিচ্ছে প্রশাসন। আগামী ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে অবশিষ্ট তিন হাজার টাকার বিষয়েও শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সঙ্গে উপাচার্যের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটজন শিক্ষার্থীকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহারের জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করতে পারবেন। একই সঙ্গে ক্যাম্পাসের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও ঘোষণা দেওয়া হয়। উপাচার্যের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত গতকালের বৈঠকে প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন হাসনাহেনা বেগম, প্রক্টর কামালউদ্দীন আহমেদ ও ছাত্রকল্যাণ পরিচালক অরুণ কুমার গোস্বামী। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ছিলেন শরীফুল চৌধুরী, মাসুদ রানা, নাজমুল ইসলাম প্রমুখ। জানতে চাইলে উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘উন্নয়ন ফি সম্পূর্ণ বাতিল করার বিষয়ে চেষ্টা চালিয়ে যাব।’ প্রগতিশীল ছাত্রজোটের ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবির একাংশ মেনে নিয়েছে। তাই আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। প্রশাসন শিগগিরই পুরো দাবি মেনে নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। উন্নয়ন ফি বাতিলের দাবিতে ৩ জানুয়ারি থেকে প্রগতিশীল ছাত্রজোট আন্দোলন শুরু করে। এর সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও যুক্ত হন।