‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় বর্তমানে ৪০০ কোটি টাকার উন্নয়নকাজ চলমান আছে। এসব উন্নয়নকাজকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল নানাভাবে চেষ্টা চালাচ্ছে। আমার নামে যতই অপপ্রচার করা হোক না কেন, আমি নাগরিকদের সঙ্গে নিয়ে উন্নয়নকাজ চালিয়ে যাব। যত বাধাই আসুক না কেন, আমি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।’
গতকাল বুধবার সকালে নগরীর সিদ্ধিরগঞ্জে ২ নম্বর ওয়ার্ড মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় ১০ কোটি টাকা ব্যয়ে দুটি সড়ক ও ড্রেন নির্মাণকাজ শুরুর সময় সমবেত লোকজনের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী এসব কথা বলেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর এবং সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল আজিজ।
মেয়র আইভী আরও বলেন, ২ নম্বর ওয়ার্ডের উন্নয়নে ১৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সব রাস্তার উন্নয়ন করা হবে।