চট্টগ্রামে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন গতকাল হরতালবিরোধী মিছিল-সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য এই হরতাল ডাকা হয়েছে বলে অভিযোগ করেন।নগর আওয়ামী লীগের দুই পক্ষই গতকাল বিকেলে নগরের নিউমার্কেট ও দোস্ত বিল্ডিং এলাকায় পৃথক মিছিল ও সমাবেশ করে। এক পক্ষের নেতৃত্বে ছিলেন সাংসদ নূরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন প্রমুখ।একইভাবে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা দারুল ফজল মার্কেট চত্বরে সমাবেশ ও মিছিল করেছে। এতে আওয়ামী লীগের নেতা বদিউল আলম, ইফতেখার সাইমুল চৌধুরী, শ্রমিকনেতা বখতিয়ার উদ্দিন খান প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে। এতে সহসভাপতি সালাউদ্দিন, জাবেদ হাসান, রাজিবুল আহসান প্রমুখ বক্তব্য দেন। পরে একটি মিছিল বের করা হয়।এদিকে মহানগর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি শেখ মহিউদ্দিনের নেতৃত্বে বিকেলে নিউমার্কেট এলাকায় একটি হরতালবিরোধী মিছিল বের হয়।বিভিন্ন সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামাত দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য এই হরতাল ডেকেছে। মানুষের জানমালের ক্ষতি করাই তাদের মূল উদ্দেশ্য।