উন্নয়ন ব্যাহত করার অধিকার কারও নেই: প্রধানমন্ত্রী
দেশে বিদ্যমান সংকট থেকে উত্তরণে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়ন ব্যাহত করার অধিকার কারও নেই। গতকাল রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের এক বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ যখন সব খাতে বিপুলভাবে এগিয়ে যাচ্ছে, দুর্ভাগ্যজনকভাবে সে সময় জ্বালাও-পোড়াও, বর্বরতা ও মানুষ হত্যার কারণে আমরা কিছু সমস্যার মোকাবিলা করছি।’ তিনি বলেন, ‘এখন আর হরতাল-অবরোধের কার্যকারিতা নেই। তাই হরতাল ও অবরোধের নামে মানুষ খুন করা হচ্ছে। আমি জানি না, কেন এ নৃশংস কর্মকাণ্ড হচ্ছে।’
বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার দায়িত্ব তাঁর দলের রয়েছে। কারণ, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীনতা অর্জন করেছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগই মুক্তিযুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করেছে। এ জন্য যে আন্তরিকতার সঙ্গে আমরা কাজ করব, অন্য কোনো দল সেভাবে কাজ করবে না। এটাই বাস্তবতা।’
প্রধানমন্ত্রী কালিয়াকৈরে হাইটেক পার্ক নির্মাণ কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রকল্পের কাজ অনেক বিলম্বিত হচ্ছে। যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। তবে তিনি যশোরে বহুতল সফটওয়্যার পার্ক নির্মাণকাজে সন্তোষ প্রকাশ করে বলেন, সরকার প্রত্যেক বিভাগ ও জেলায় হাইটেক পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী স্কাইপির মাধ্যমে গোপালগঞ্জের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাব উদ্বোধন এবং কয়েকটি সরকারি সংস্থার মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেন।
বিশ্বকাপ স্মারক ডাকটিকিট অবমুক্ত: আইসিসি ক্রিকেট বিশ্বকাপ, ২০১৫ উপলক্ষে বাংলাদেশ ডাকঘর গতকাল স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডেটা কার্ড ছেড়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে রাজধানীর আগারগাঁওয়ে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের অধীন আইসিটি অধিদপ্তরে ১০ টাকা মূল্যের একটি ডাকটিকিট, ১০ টাকা মূল্যের একটি উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যের একটি ডেটা কার্ড অবমুক্ত করেন।