বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, উন্নয়নের সঙ্গে পুঁজি, জমি, শ্রমের যেমন সরাসরি সংশ্লিষ্টতা, সংস্কৃতির সঙ্গে তেমন নয়। তবে সমাজে যেসব অমঙ্গল কর্মকাণ্ড পরোক্ষভাবে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করে, সেসব ক্ষেত্রে সংস্কৃতি শুধু সহায়ক নয়, সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু এ দেশের উন্নয়ন ভাবনায় সংস্কৃতি সেভাবে গুরুত্ব পায়নি। গতকাল শনিবার ‘জিয়া হায়দার স্মারক বক্তৃতা’য় তিনি এসব কথা বলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা) যৌথভাবে জাতীয় শিল্পকলা একাডেমীতে স্মারক বক্তৃতার আয়োজন করে। নাট্যব্যক্তিত্ব জিয়া হায়দার স্মরণে প্রতিবছর ওই স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। ২০০৮ সালে জিয়া হায়দারের মৃত্যু হয়।‘উন্নয়ন ও সংস্কৃতি’ শীর্ষক স্মারক বক্তৃতায় বিচারপতি হাবিবুর রহমান বলেন, ‘আমাদের উন্নয়ন ভাবনায় কৃষি, দারিদ্র্য ও পল্লী উন্নয়ন যতখানি আমাদের মন আকর্ষণ করেছে, সে অনুপাতে রাষ্ট্রক্ষমতা, রাষ্ট্র-অর্থায়ন, রাজনৈতিক অর্থনীতি, সম্পদের বণ্টন, বৈষম্য এবং বিশেষ করে সংস্কৃতির কথা তেমন করে আকর্ষণ করেনি।’ তিনি বলেন, মতাদর্শিক সরকার আজকাল সংস্কৃতির ক্ষেত্রে যেমন সহায়তা দেয়, তেমনি নিয়ন্ত্রণ করারও চেষ্টা করে। সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সংস্কৃতিচর্চা সরকারের কাছ থেকে আড়াই হাত দূরে থাকলে ভালো হয়।সংস্কৃতি ধর্মের চেয়ে ব্যাপক মন্তব্য করে হাবিবুর রহমান বলেন, ‘ধর্মের মতো তা আমাদের ধারণ করে, দীক্ষা দেয়, সাহস দেয়, অনুপ্রাণিত করে এবং সব কর্মকাণ্ডে আমাদের অগোচরে সহায়তা করে চলে। সমাজে যারা ভরসাহীন, অবহেলা, বঞ্চনা ও শোষণের পাত্র, তাদের ভরসা জোগাতে পারে কেবল সংস্কৃতিকর্ম।’হাবিবুর রহমান আরও বলেন, ‘উন্নয়নশীল দেশ হিসেবে আমরা বিশ্বায়নের কাঠ কাটি, জল টানি এবং বিশ্বায়নের আবর্জনা বহন করি। অত্যন্ত বিপজ্জনক নানা বিষাক্ত বর্জ্য আমাদের গ্রহণ করতে হয়। অনেক যৌথ উদ্যোগের অংশীদার হই, যেখানে অসম চুক্তিতে সই করতে বাধ্য হই। অনেক সময় নিজেদেরই প্রাকৃতিক সম্পদ আমাদের কিনতে হয় অতি উচ্চমূল্যে এবং দুর্মূল্য বিদেশি মুদ্রায়। আজ মৌলিক প্রয়োজন মেটানোর জন্যই নয়, বরং নিজেদের প্রয়োজন উপলব্ধি এবং সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য মানুষ উন্নয়ন চায়। এ শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, সার্বিক উন্নয়ন।’ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রহমত আলী, ইনস্টিটিউট অব থিয়েটার আর্টসের সভাপতি আবুল মনসুর, নাট্যনির্দেশক আতাউর রহমান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী প্রমুখ বক্তব্য দেন।