ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০১৭-১৮ অর্থবছরের ২ হাজার ৩৮৪ কোটি ৮০ লাখ টাকার বাজেট (প্রস্তাবিত) ঘোষণা করা হয়েছে। গত অর্থবছরের তুলনায় যা ৩০১ কোটি ৪৫ লাখ টাকা বেশি।
প্রস্তাবিত বাজেটের ৭৬ শতাংশই উন্নয়ন খাতে ব্যয় করা হবে। নগরে এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয় মশা নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্দ তুলনামূলক কম রাখা হয়েছে। অথচ এই দুই খাতে অবহেলার কারণে নগরজুড়ে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে (চিকুনগুনিয়া, ডেঙ্গুর মতো রোগব্যাধি) এবং স্বাস্থ্য খাতে নাগরিকদের ব্যয় ও দুর্ভোগ বাড়ছে। যদিও বাজেট বক্তৃতায় মেয়র একটি পরিচ্ছন্ন, নিরাপদ, সবুজ ও মানবিক ঢাকা গড়ে তোলার পুরোনো লক্ষ্যের কথা আবার উল্লেখ করেছেন।
গতকাল বুধবার গুলশান-২-এর ডিএনসিসি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মেয়র আনিসুল হক বাজেট ঘোষণা করেন। গত অর্থবছরের বাজেট ঘোষণার সময় মেয়র নতুন ও পুরোনো কর সমন্বয় করে পুনর্মূল্যায়ন করার কথা বললেও নতুন বাজেটে কোনো কর বাড়ানোর প্রস্তাব করা হয়নি।
গত দুই বছরে ডিএনসিসির বিভিন্ন কার্যক্রম তুলে ধরে মেয়র বলেন, গত দুই বছরের উন্নয়ন কর্মকাণ্ড ছিল মূলত উত্তরা, গুলশান ও বনানীকেন্দ্রিক। এই এলাকাগুলোতে একটা উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এবার মোহাম্মদপুর, মিরপুর এবং খিলগাঁও এলাকায় উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকার চুক্তি হয়েছে। সব মিলিয়ে আগামী বাজটের আগেই উত্তর ঢাকার একটা বড় পরিবর্তন দৃশ্যমান হবে।
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৭৭ কোটি টাকা। এর মধ্যে হোল্ডিং ট্যাক্স বাবদ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৮৫ কোটি টাকা, যা মোট রাজস্ব আয়ের প্রায় ৫০ শতাংশ।
গত অর্থবছরের বাজেট ছিল ২ হাজার ৮৩ কোটি ৩৫ লাখ টাকার। গতকালের সংবাদ সম্মেলনে ২০১৬-১৭ অর্থবছরের ১ হাজার ২৩১ কোটি ২৬ লাখ টাকার সংশোধিত বাজেটও তুলে ধরা হয়। জানানো হয়েছে, বাজেট বাস্তবায়নের হার ৬১ শতাংশ। সেই বাজেটের আয়ের উল্লেখযোগ্য খাত ছিল ডিএনসিসির নিজস্ব আয়। হোল্ডিং ট্যাক্স থেকে রাজস্ব আয় ধরা হয়েছিল ৪৮০ কোটি টাকা। কিন্তু সংশোধিত বাজেটে দেখা যায়, হোল্ডিং ট্যাক্স ১৯০ কোটি টাকা কম আয় হয়েছে। এ ছাড়া বাজার সেলামি থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৬০ কোটি টাকা। আয় হয়েছে মাত্র পাঁচ কোটি টাকা।
গত অর্থবছরের বাজেট ঘোষণার সময় মেয়র আনিসুল হক বলেছিলেন, বাজেটের ৮০-৮৫ শতাংশ বাস্তবায়নের চেষ্টা করা হবে। বাস্তবায়ন হয়েছে ৬১ শতাংশের মতো। এর আগের অর্থবছরের অর্থাৎ ২০১৫-১৬ অর্থবছরে বাজেট বাস্তবায়নের হার ছিল ৬৩ শতাংশ। বাস্তায়নের এই হারকে সন্তোষজনক নয় বলেও মন্তব্য করেছিলেন মেয়র।
গতকালের সংবাদ সম্মেলনে বাজেট বাস্তবায়নের হার সেই একই ধারায় থাকার কারণ হিসেবে মেয়র হোল্ডিং ট্যাক্স ও বাজার সেলামি থেকে লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম আয় হওয়ার বিষয়টিকে সামনে আনেন।
আয়: ২০১৭-১৮ অর্থবছরে নিজস্ব আয়ের অন্যতম খাত হলো হোল্ডিং ট্যাক্স। মহাখালী ও আমিনবাজারে সিটি করপোরেশনের বাজার থেকে সালামি বাবদ ১২০ কোটি টাকা ও ট্রেড লাইসেন্স বাবদ ৬০ কোটি টাকা এবং সম্পত্তি হস্তান্তর বাবদ ১৮০ কোটি টাকা আয়ের পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া সড়ক খনন ফি বাবদ ৫০ কোটি টাকা, গরুর হাট ইজারা বাবদ ২১ কোটি টাকা, বিজ্ঞাপন বাবদ ৬ কোটি এবং বিদ্যুৎ বিল বাবদ ১২ কোটি টাকা আয়ের পরিকল্পনা রয়েছে ডিএনসিসির।
ব্যয়: ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে সড়ক ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের খাতে। পরিমাণ ২৭৮ কোটি টাকা। এ ছাড়া ব্যয়ের অন্যতম প্রধান খাতের মধ্যে রয়েছে ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ১৭৫ কোটি টাকা। বিদ্যুৎ, জ্বালানি ও পানি খাতে ৫৬ কোটি টাকা। বর্জ্য ব্যবস্থাপনার জন্য মাত্র ৬০ কোটি টাকা। একইভাবে মশক নিধনের জন্য রাখা হয়েছে ২০ কোটি টাকা। গত বছর মশা নিধনে বরাদ্দ ছিল ২৩ কোটি ২৫ লাখ টাকা।
পরিবেশ উন্নয়ন খাতে ৩৪ কোটি ৭০ লাখ এবং উদ্যান ও খেলার মাঠ উন্নয়নে ৮ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। কবর, শ্মশান ও বৌদ্ধধর্মাবলম্বীদের শেষকৃত্যস্থানের উন্নয়নে ২৩ কোটি টাকা রাখা হয়েছে। অবৈধ দখল উচ্ছেদ, ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ১ কোটি টাকা এবং কল্যাণমূলক ব্যয়ের জন্য ২৭ কোটি টাকা। বাজেটে উন্নয়ন খাতের মোট ব্যয় ১ হাজার ৮২০ কোটি ৭৫ লাখ টাকা, যা মোট বাজেটের প্রায় ৭৬ শতাংশ।
নগরের খালগুলো দখল হয়ে যাওয়া এবং বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার প্রসঙ্গ উল্লেখ করে মেয়র আনিসুল হক বলেন, ‘বড়লোকদের আবাসনের জন্যই খালগুলো দখল হয়েছে। যেসব হাউজিং কোম্পানি খাল দখল করে আছে, আগামী মাসের ১৫ তারিখে তাদের ডাকব। সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কেও রাখব। বলব, আপনারা খাল ছেড়ে দেন।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর আবদুর রাজ্জাক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম এম সালেহ ভূঁইয়া প্রমুখ।