উন্নয়ন মেলা শুরু ১১ জানুয়ারি

দেশব্যাপী সব জেলা ও উপজেলায় উন্নয়ন মেলা ১১ থেকে ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয় এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উন্নীতের লক্ষ্যে সরকারের বহুমুখী উন্নয়ন তৎপরতা ও সাফল্য জনগণের কাছে তুলে ধরতে তিন দিনব্যাপী এই উন্নয়ন মেলা আয়োজন করেছে সরকার।
বাসসের খবরে বলা হয়, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১১ জানুয়ারি সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে দেশব্যাপী ‘উন্নয়ন মেলা-২০১৮’ উদ্বোধন করবেন। দেশ ও বিদেশের সব প্রান্তে থাকা বাংলাদেশের মানুষ যাতে সরকারের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারে, সেই লক্ষ্যে এই মেলা শুধু জেলা-উপজেলায় নয়, হবে বিদেশের মাটিতেও। বাংলাদেশ দূতাবাসগুলোও সুবিধামতো এ মেলার আয়োজন করবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদের নির্দেশনায় মন্ত্রণালয় ও বিভাগগুলোর জ্যেষ্ঠ সচিব ও সচিবেরা সরেজমিনে মেলার মাঠপর্যায়ে তদারকি ও সমন্বয় করছেন। মেলা বাস্তবায়ন পরিবীক্ষণের দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক মো. খলিলুর রহমান।