কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজওয়ান আহাম্মদ হাওরাঞ্চলে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তাঁকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিপরীতে প্রতিদ্বন্দ্বী ও দলের বিদ্রোহী প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম ভোটারদের মন জয় করার চেষ্টা করেছেন সরকারবিরোধী প্রচারণা দিয়ে।আগামীকাল বুধবার এ উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে। গতকাল সোমবার মধ্যরাতে প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে। এ আসনের সাতবারের সাংসদ আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য হয়। আওয়ামী লীগ রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ানকে মনোনয়ন দিলে দলীয় সিদ্ধান্ত না মেনে স্বতন্ত্র প্রার্থী হন মহিতুল। অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মহিতুলের মনোনয়নপত্র বাতিল এবং পরে আদালতের আদেশে তাঁর প্রার্থিতা বহাল হলে তিনি আলোচনায় চলে আসেন।উত্তরাধিকারের রাজনীতির বিরোধিতা ও হাওরের উন্নয়ন-বঞ্চনাকে মূল উপজীব্য করে নির্বাচনী প্রচারণা শুরু করেন বয়সে তরুণ মহিতুল। আওয়ামী লীগের সুবিধাবঞ্চিত অংশের নেতা-কর্মীরা যুক্ত হন তাঁর সঙ্গে। দল থেকে পদত্যাগ করে তাঁর সমর্থনে প্রচারণায় নামেন চাচা সৈয়দ মোহাম্মদ শাহজাহান। সহযোগী সংগঠনের কিছু নেতা-কর্মীও মহিতুলের পক্ষ নেন। এ ছাড়া বিএনপির কিছু নেতা-কর্মী মাঠে নামেন তাঁর পক্ষে। ফলে শুরুতে একতরফা নির্বাচনের ধারণা দেওয়া নির্বাচন হয়ে ওঠে জমজমাট।রেজওয়ান আহাম্মদ প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রাজনীতিতে অনভিজ্ঞ আখ্যা দিয়ে বলছেন, স্বতন্ত্র প্রার্থীকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছে বিএনপিসহ বিরোধী দলগুলো। রেজওয়ানের অন্যতম নির্বাচন পরিচালনাকারী কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান বলেছেন, সৈয়দ মোহাম্মদ শাহজাহান ও অষ্টগ্রাম উপজেলা শ্রমিক লীগের বহিষ্কৃত সভাপদি জুল জালাল খান মহিতুলের পক্ষাবলম্বন করছেন। তাঁদের দুজনের পক্ষে এত বড় নির্বাচনী এলাকায় প্রচারণা চালানো অসম্ভব হতো, যদি বিএনপির নেতা-কর্মীরা পাশে না দাঁড়াতেন। এর মাধ্যমে বিএনপি সরকারকে বিব্রত করার চেষ্টা করছে।এদিকে মহিতুলের প্রচারণায় স্থান পেয়েছে উত্তরাধিকারের রাজনীতির বিরোধিতা, হাওরাঞ্চলের উন্নয়ন-বঞ্চনা, স্থানীয় ও আঞ্চলিক বিষয় এবং জাতীয় রাজনীতি। তাঁর সভা-সমাবেশে উঠে আসে সরকারের সমালোচনাও। ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন বলেন, মহিতুলের সভা-সমাবেশে যেভাবে আওয়ামী লীগের বিষোদ্গার করা হচ্ছে, তা অত্যন্ত অশোভন।এ প্রসঙ্গে মহিতুল প্রথম আলোকে বলেন, ‘আমি জাতীয় কোনো বিষয়-আশয় নিয়ে বক্তৃতা করছি না। আমার বক্তব্যে আঞ্চলিক রাজনীতিতে সরকারি দলের ব্যর্থতার কোনো দিকই বাদ যায়নি। আমি বলছি নেতৃত্বে পরিবর্তন আনার কথা। সমালোচনা করছি পরিবারতন্ত্রের।’ তবে তিনি বলেন, তাঁকে কেন্দ্র করে আওয়ামী লীগবিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছে সেগুলোর নেতারা জাতীয় রাজনীতির বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরছেন।মহিতুল তাঁর প্রচারণায় কৃষকের কষ্ট ও জেলেদের বঞ্চনার কথা বলছেন। হাওরের জনগোষ্ঠীর বড় একটি অংশ জেলে। ‘জাল যার-জলা তার’ নীতিতে প্রকৃত জেলেদের কাছে জলমহালের অধিকার ফিরিয়ে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছেন তিনি। ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান বলেন, ‘হাওরাঞ্চলের জন্য আবদুল হামিদের চেয়ে বেশি কেউ করেননি। হাওরের কৃষক ও জেলেদের ব্যথা-বেদনার কথা তাঁর চেয়ে বেশি কেউ জানেন না।’