উন্নয়ন শুরু হতে হবে ব্যক্তি পর্যায় থেকে: সেলিম জাহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উন্মুক্ত বক্তৃতা অনুষ্ঠানে অধ্যাপক সেলিম জাহান
উন্মুক্ত বক্তৃতা অনুষ্ঠানে অধ্যাপক সেলিম জাহান

জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের পরিচালক ও অর্থনীতিবিদ সেলিম জাহান বলেছেন, উন্নয়ন কোনো স্বল্পপাল্লার দৌড় নয়, ধারাবাহিক প্রক্রিয়া। ব্যক্তিপর্যায় থেকে উন্নয়ন শুরু হতে হবে। তাহলে পরিবার, গোষ্ঠী, রাষ্ট্রপর্যায়ে সেই উন্নয়নের ধারাবাহিকতা থাকবে।

গতকাল শুক্রবার বিকেলে ‘উন্নয়ন তত্ত্বের ভবিষ্যৎ’ শীর্ষক উন্মুক্ত বক্তৃতার মূল বক্তা হিসেবে সেলিম জাহান এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংগঠন উন্নয়ন ভাবনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সেলিম জাহান বলেন, মানব উন্নয়নের সূচকগুলো অর্থনীতির দখল থেকে বের করে আনতে হবে। মানব উন্নয়নের রাজনৈতিক, সামাজিক ও অন্য দিকগুলো আছে, সেগুলোকে গুরুত্ব দিতে হবে। অর্থনীতির বাইরে বৃহৎ আঙ্গিকে মানব উন্নয়নকে দেখতে হবে।

উন্নয়নের ক্ষেত্রে ‘কাউকে পেছনে ফেলে রেখে যাব না’—এই ধারণা বাস্তবায়ন করতে হলে সবার পেছনে যে আছে, আগে তার কাছে পৌঁছাতে হবে বলে মন্তব্য করেন সেলিম জাহান। তিনি বলেন, সুশাসন, গণতন্ত্র—এগুলো উন্নয়নের জন্য সম্পৃক্ত। শত সীমাবদ্ধতা সত্ত্বেও গণতন্ত্র মূল্যবান। গণতন্ত্র অংশগ্রহণ করার এবং মতামত দেওয়ার সুযোগ দেয়। গণতন্ত্র ক্রমাগত চর্চার ব্যাপার, সংস্কৃতির ব্যাপার।

অধ্যাপক সেলিম বলেন, ব্যক্তির সক্ষমতা প্রয়োজন, তবে গোষ্ঠীর সক্ষমতাও উন্নয়নে নিয়ে আসতে হবে। যারা সবচেয়ে প্রান্তিক পর্যায়ের ও দরিদ্র, তাদের গোষ্ঠীগত সক্ষমতা বেশি প্রয়োজন। সমাজের উঁচু শ্রেণিতে যারা আছে তারা মতপ্রকাশ করতে পারে, তাদের একটি প্রভাব আছে। কিন্তু প্রান্তিক পর্যায়ে যারা আছে, যাদের কথা বলার জায়গা নেই। সেখানে গোষ্ঠীগত সক্ষমতা তাদের মতপ্রকাশের সুযোগ দেয়। দেশের উন্নয়নের জন্য তরুণদের দায়িত্বে আনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘সব সময় বলতে শুনি, তরুণেরাই দেশের ভবিষ্যৎ। আমি বলি, তরুণদের জাতির বর্তমান করে দিন। আর যাঁরা তরুণ নন, তাঁরা একটু পেছনে সরে যান। তাহলে দেশের বর্তমানও ভালো হবে, ভবিষ্যৎ ভালো হবে।’

তরুণদের ইতিবাচক থাকার পরামর্শ দিয়ে সেলিম জাহান বলেন, নৈরাশ্যে কোনো ইতিবাচকতা নেই। অন্যের ওপর দোষ না চাপিয়ে নিজে কাজ করতে হবে। তরুণদের নিজের পরিসরের মধ্যে থেকে নিজের বিশ্বকে চিহ্নিত করতে হবে। লক্ষ্য স্থির করতে হবে, কোথায় যেতে চান। তারপর কর্মপন্থা ঠিক করে কাজ করতে হবে। বক্তব্য শেষে তিনি প্রশ্নের জবাব দেন। উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার কমাতে কী করণীয়—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু মজুরি সম্পৃক্ত কাজের কথা ভাবলে হবে না। তরুণেরা নানা কাজে উদ্যোগী হচ্ছেন। ভবিষ্যতে যে দক্ষতার প্রয়োজন হবে, তা পুঁথিগত বিদ্যা ও সনদ দিতে পারবে না।

দেশের উন্নয়নে বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা কী হতে পারে, এমন প্রশ্নের জবাবে অধ্যাপক সেলিম বলেন, বেসরকারি সংস্থাগুলো এখন অনেক বিস্তৃত পরিসরে কাজ করছে। সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে গবেষণা করছে। তবে আন্তর্জাতিক সংস্থাগুলো দেশের প্রধান নীতিনির্ধারক যেন না হয়ে যায়। তারা দেশের উন্নয়ন সহযোগী।

অনুষ্ঠানের সঞ্চালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মাহবুবুল মোকাদ্দেম আকাশ (এম এম আকাশ) বলেন, ব্যক্তিপর্যায় থেকে উন্নয়ন শুরু করা গেলে পরিবার, গোষ্ঠী, রাষ্ট্র—সবাই উপকৃত হবে। স্বাগত বক্তব্য দেন উন্নয়ন ভাবনার কর্ণধার তৌহীদ রেজা নূর।