উন্নয়ন-সহযোগীদের কাছ থেকে শর্ত নয়, সহায়তা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন-সহযোগীদের কাছ থেকে সরকার শর্ত নয়, সহযোগিতা চেয়েছে। বাংলাদেশ উন্নয়ন ফোরামের কৃষি, খাদ্য-নিরাপত্তা ও পানিসম্পদ-বিষয়ক আলোচনা শেষে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। জনসংখ্যা বৃদ্ধিকে দেশের সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, নতুন নতুন মুখ নিয়ন্ত্রণ করা না গেলে খাদ্য উত্পাদন বৃদ্ধি, ভালো পরিকল্পনা ও বাস্তবায়ন কোনোটাই কাজে আসবে না।গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মতিয়া চৌধুরী সরকারের অগ্রাধিকার সম্পর্কে ধারণা দিতে গিয়ে বলেন, খাদ্য উত্পাদনে বাংলাদেশ সফলতা পেয়েছে। এবার খাদ্যের প্রাপ্যতা ও পুষ্টিমান নিশ্চিত করতে সরকার মনোযোগী হবে। এত দিন ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার হওয়ায় পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। এবার তাই ভূ-উপরিভাগের পানি ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, সরকার খাদ্য-নিরাপত্তার জন্য যে কর্মপরিকল্পনা করেছে, তাতে উন্নয়ন-সহযোগীরা সমর্থন করেছে। দেশের পানিসম্পদ-সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো খুব দুর্বল এবং তাদের পানি ব্যবস্থাপনার দক্ষতা কম—এ কথা উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, পানিসম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য ব্যবস্থাপনা উন্নত করতে সরকার আগ্রহী।সাংবাদিকেরা কৃষিক্ষেত্রে ভর্তুকির ব্যাপারে দাতাদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান বলেন, সরকার এখন পর্যন্ত কৃষিতে যে ভর্তুকি দিয়েছে, তার ব্যাপারে উন্নয়ন-সহযোগীরা কোনো আপত্তি তোলেনি।উন্নয়ন-সহযোগীদের পক্ষে ব্রিটেনের বিদেশবিষয়ক উন্নয়ন সংস্থা ডিএফআইডির আবাসিক পরিচালক ক্রিস অস্টিন বলেন, এত দিন বাংলাদেশে কয়েকটি নির্দিষ্ট শস্যের উত্পাদন বাড়ানোর ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন এলাকাভিত্তিক উত্পাদনের ওপর জোর দেওয়া হবে বলে তিনি মত দেন।