উন্নয়ন-সহযোগীদের কাছে সহায়তা চাইল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়ন-সহযোগীদের কাছে সরাসরি তহবিল চেয়েছে বাংলাদেশ। জাতিসংঘের আওতায় গঠিত কানকুন সবুজ তহবিলে অর্থ ছাড় হতে দেরি হওয়ায় উন্নত ২২টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার কাছে বাংলাদেশের পক্ষ থেকে এই দাবি তুলে ধরা হয়েছে।গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ২২টি দেশ ও সংস্থার রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। বাংলাদেশ সরকারের জলবায়ু সমঝোতাকারী দলের প্রধান অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদসহ দেশের শীর্ষস্থানীয় জলবায়ু বিশেষজ্ঞরা এ সময় উপস্থিত ছিলেন।সভাশেষে হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, জাতিসংঘের সর্বশেষ কানকুন সম্মেলনে সবুজ তহবিল গঠন করা হলেও এই টাকা ছাড় করার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। কবে শুরু হবে, তার কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। কিন্তু বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এখনই অর্থ প্রয়োজন। কানকুন সবুজ তহবিলে উন্নত দেশগুলো যে অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছে, তা সরাসরি বাংলাদেশকে দেওয়ার আহ্বান জানাতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল।হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১০ বিলিয়ন ডলার প্রয়োজন। যুক্তরাজ্য, ডেনমার্ক, সুইডেনসহ বেশ কিছু দেশ এরই মধ্যে এক হাজার ১৩৫ কোটি ডলার দিয়েছে। এই অর্থ দিয়ে গঠিত বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রিজিলিয়ান ফান্ড থেকে ২৫০ কোটি ডলারের একটি প্রকল্প অনুমোদন হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। উন্নত দেশগুলোর উদ্দেশে বলা হয়েছে, তারা যাতে এই তহবিলে বাংলাদেশকে সরাসরি অর্থ দেয়। সভা সূত্রে জানা গেছে, সভায় শিল্পোন্নত দেশগুলোর প্রতিনিধিরা সরকারের এই আহ্বানকে বিবেচনা করবেন বলে জানিয়েছেন। তাঁরা নিজ নিজ দেশে বাংলাদেশের এই প্রস্তাব নিয়ে আলোচনা করে পরবর্তী সময়ে জানাবেন।সভায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি উইলিয়াম হানান, কানাডার হাইকমিশনার রবার্ট ম্যাকডুগাল, ডেনমার্কের ডেপুটি হেড অব মিশন জান মুলার হানসন, যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিকবিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ডেপুটি মিশনপ্রধান ডেনিশ শর্মা, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ড, জার্মানি, বিশ্বব্যাংক ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।