উন্নয়ন-সহযোগীরা যাতে দেশকে গিনিপিগে পরিণত না করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাতা সংস্থানির্ভর গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোকে আরও সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। গতকাল বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ সতর্কতা উচ্চারণ করেন কৃষিমন্ত্রী। ‘বাংলাদেশে ধানের সন্তোষজনক উৎপাদনের জন্য জলবায়ু পরিবর্তনের পরিণাম মূল্যায়ন, দুর্যোগপ্রবণতা নিরূপণ এবং তার মোকাবিলা’ শীর্ষক কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে নরওয়েজিয়ান ইনস্টিটিউট অব এগ্রিকালচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (বায়োফোর্সক), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস। উন্নয়ন-সহযোগী সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে উদাহরণ দিতে গিয়ে মতিয়া চৌধুরী বলেন, শুকনো মৌসুমে নদী খননের প্রয়োজন হলেও তারা নানা অনুমোদনের কথা বলে বর্ষা মৌসুমে অর্থ ছাড় করে। আর অল্প সময়ে ওই অর্থ ব্যবহার করতে না পারলে বলে তোমাদের সক্ষমতার ঘাটতি আছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নদী খনন মহাপরিকল্পনাকে গুরুত্ব দিয়ে এগোলেও উন্নয়ন-সহযোগীরা এ ক্ষেত্রে সহযোগিতা দিতে রাজি হয়নি। সরকার তাই নিজস্ব অর্থায়নে খননের কাজ করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশ্বজুড়ে বাংলাদেশের গুরুত্ব পাওয়ার কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, অনেক উন্নয়ন-সহযোগী বাংলাদেশে গবেষণা চালাতে চাইছে। কিন্তু সাবধান থাকতে হবে, এমনভাবে যাতে গবেষণা করা না হয় যা দেশ ও দেশের মানুষকে গিনিপিগ বা গবেষণার বস্তুতে পরিণত করে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বায়োফোর্সকের আন্তর্জাতিক সমন্বয়কারী নাগোথু উদয় শেখর। তিনি বলেন, মৌসুমি বৃষ্টিপাতে শতকরা মাত্র ১০ ভাগ পরিবর্তন হলে বাংলাদেশে অতিমাত্রায় বন্যা কিংবা খরা দেখা দেবে এবং ধানের ফলনে বিরূপ প্রভাব পড়বে। এ জন্য জলবায়ুর পরিবর্তন ধানের ফলনকে কীভাবে প্রভাবিত করবে, তা নিরূপণ করা জরুরি।পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব শেখ আলতাফ আলী বলেন, জলবায়ু পরিবর্তন ও কৃষি নিয়ে যেসব গবেষণা হচ্ছে, তার মধ্যে সমন্বয় থাকা দরকার। নরওয়ে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হেরাল্ড লার্সেন এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ওয়াইস কবীর সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রি মহাপরিচালক সাইদুল ইসলাম।