>

সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে প্রায় দুই বছর। অনেক স্থানে উন্নয়ন হয়েছে। আবার কোথাও কিছুই হয়নি। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে ওয়ার্ডের চালচিত্র
রাজধানীর অন্যতম অভিজাত ওয়ার্ড হিসেবে পরিচিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ড। ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয় এই ওয়ার্ড থেকে। যা আদায়কৃত মোট রাজস্বের এক-তৃতীয়াংশ। গত দুই বছর এই ওয়ার্ডের রাস্তাঘাট, ফুটপাত ও ড্রেনেজ-ব্যবস্থা সংস্কারে ব্যয় করা হয়েছে প্রায় ৫৫ কোটি টাকা। বাস্তবায়নের পথে আরও কয়েকটি প্রকল্প। তবে ওয়ার্ডে অল্পবিস্তর সমস্যাও আছে।
গুলশান ১ ও ২, নিকেতনের আংশিক, বনানী ও কড়াইল বস্তি এলাকা নিয়ে এই ওয়ার্ড। প্রায় ২৫ বর্গকিলোমিটার আয়তনের এই ওয়ার্ডের লোকসংখ্যা ছয় লাখের কাছাকাছি। ভোটার সংখ্যা ৭৮ হাজার।
গতকাল রোববার ওয়ার্ডের কয়েকটি এলাকা ঘুরে বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত ৩০ জন মানুষের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা প্রায় সবাই এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সন্তুষ্ট। তবে আবাসিক এলাকার সড়কগুলোয় গাড়ি রাখা নিয়ে অসন্তুষ্টি আছে তাঁদের। গুলশান লেকের কিছু অংশ ও দু-একটি সড়কের আবর্জনা এবং একটি খেলার মাঠের পরিবেশ নিয়ে অভিযোগ আছে।
গতকাল মহাখালী হয়ে কাকলী মোড় থেকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ধরে গুলশানের-২ এর দিকে এগোতে চোখে পড়ল ঝাঁ-চকচকে সড়ক। লাল ও হলুদ রঙের খাঁজকাটা টাইলসে মোড়ানো ফুটপাতে ময়লা কিংবা দখলদারদের অস্তিত্ব নেই। বনানী খেলার মাঠটিও সবুজে মোড়ানো। কবরস্থানের সংস্কারকাজ চলছে। ১১ নম্বর সড়কের বিভাজকে লাগানো হয়েছে নানা ধরনের গাছ।
তবে বনানী ৮ নম্বর রোডের মাথায় পানির পাম্প-সংলগ্ন মাঠটি বেহাল। যেটি বনানী সোসাইটি মাঠ নামেও পরিচিত। দেখা গেল, মাঠে ঢোকার মূল ফটকের একাংশ ভেঙে পড়ে আছে। সারা মাঠে একরত্তি ঘাস নেই। পূর্ব অংশে জড়ো করে রাখা আবর্জনা, কয়েকটি রিকশা ও লোহার কাঠামো। আছে বালুর স্তূপও। মাঠের ভেতরে পার্ক করে রাখা ছয়টি ব্যক্তিগত গাড়ি। কিছু মোটরসাইকেলও আছে।
এ বিষয়ে বনানী ৭ নম্বর সড়কের বাসিন্দা আমিরুল হক বলেন, মাঠটির এ অবস্থার বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে জানানো হয়েছে। তিনি দ্রুত মাঠটি সংস্কারের আশ্বাস দিয়েছেন।
এখান থেকে গুলশান-২ নম্বর গোল চত্বর, গুলশান-১ ও নিকেতনের কিছু অংশ ঘুরে চোখ আটকে গেল ভেতরের সড়কগুলোর জায়গায় পার্ক করে রাখা প্রাইভেট কারের দিকে। গাড়িগুলোর কারণে মাঝেমধ্যেই সরু সড়কগুলোতে যানজট লেগে যাচ্ছে। গুলশান-১ এর ২ নম্বর সড়কে পাইপলাইন বসানো ও সংস্কারকাজ চলার কারণে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে এখানকার বাসিন্দাদের।
এদিকে গুলশান-১ থেকে নিকেতনে ঢোকার ১ নম্বর ফটকের একটু আগে ডান দিকের লেকপাড়ে আবর্জনার স্তূপ দেখে থমকে দাঁড়াতে হলো। লেকের পাশ দিয়ে গুলশানের ১/এ নম্বর সড়কঘেঁষা সরু হাঁটার রাস্তাটিও (ওয়াকওয়ে) বেহাল। এখানে গড়ে উঠেছে বেশ কিছু চায়ের দোকান ও একটি ছোট রেস্তোরাঁ।
১৯ নম্বর ওয়ার্ডের পরিস্থিতি নিয়ে কথা হয় গুলশান সোসাইটির মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী ওমর সাদাতের সঙ্গে। তিনি বলেন, ২ বছরে এই এলাকায় যে পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, তা গত ১০ বছরেও হয়নি। গুলশান-বনানীর অধিকাংশ জায়গায় সিসি ক্যামেরা বসানোর পর এখানে অপরাধীদের দৌরাত্ম্যও কমেছে। এমনকি গত ছয় মাসে এই এলাকায় একটি চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।
তবে আবাসিক এলাকার ভেতরের সড়কগুলোতে পার্ক করে রাখা গাড়ির ব্যাপারে কিছুটা উদ্বেগ প্রকাশ করেন ওমর সাদাত। বলেন, ‘এটাই এখন এই এলাকার একমাত্র সমস্যা বলতে পারেন। এলাকার বাণিজ্যিক জোনগুলোর গাড়ি ভেতরের রাস্তাগুলোতে রাখার কারণে বেশ অসুবিধা পোহাতে হয় আবাসিক বাসিন্দাদের। আর আবর্জনার সমস্যা যতটুকু আছে, তা অল্প সময়ের মধ্যেই সমাধান হয়ে যাবে বলে আশা করছি।’