
উন্নয়নকাজের অব্যবস্থাপনায় কাকরাইল মোড় থেকে শান্তিনগর বাজারের দিকে যাওয়ার সড়কটি এখন সার্বক্ষণিক যানজটের কবলে। এখানে উত্তর-পূর্ব প্রান্তে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ড্রেনেজ লাইনের কাজ হচ্ছে। এর আগে খোঁড়াখুঁড়ি ও ভাঙার কাজ চলে। ভাঙা স্ল্যাব ও ব্লক সড়কের ওপরই যথেচ্ছভাবে ফেলে রাখা। এতে পথচারী ও যানবাহন চলাচলে বড় ধরনের সমস্যা হচ্ছে।
গতকাল সোমবার বিকেলে এলাকায় গিয়ে জনভোগান্তির চিত্র দেখা যায়। এলাকার ভুক্তভোগী দোকানি ও পথচারীরা জানান, প্রায় তিন সপ্তাহ ধরে এলাকায় এই অবস্থা। সকালে অফিস সময়ে এবং বিকেলে অফিস ছুটির পর চলাচল করাই কঠিন হয়ে যায়। ফুটপাত দিয়ে সন্ধ্যার পর চলাচল করতে গিয়ে খোঁড়া গর্তে পড়ে পথচারীদের আহত হওয়ার ঘটনাও ঘটছে প্রায়ই। কিছু অংশে পাকা ড্রেনেজ লাইনও করা হয়েছে। তার ওপর রডগুলো বিপজ্জনকভাবে বেরিয়ে আছে। এলাকার দোকানিরা বলেন, খোঁড়ার কাজ করার পর মাটি এবং ভাঙা পাইপ ইত্যাদি সরানো হয়নি। এর সঙ্গে রয়েছে নতুন নির্মাণসামগ্রী।
দেখাও গেল, কাকরাইল মোড় থেকে ব্যস্ত সড়কের ওপরই এলোমেলোভাবে রাখা হয়েছে পাইপ। পাশেই টানা পাকা গর্ত। এভাবে মোড়ের একটি মোটরসাইকেল বিক্রয় কেন্দ্র, এইচ আর ভবন, এস এ পরিবহন ভবনের সামনের সড়কসহ অন্তত পাঁচটি জায়গায় এলোমেলোভাবে পরিত্যক্ত পাইপ রাখা। বালুও স্তূপ করে রাখা হয়েছে।
পরিত্যক্ত ভাঙা পাইপ, ফুটপাত ভেঙে তোলা ব্লক, ময়লা ভিজা মাটি কী কারণে সড়কের ওপর রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন এলাকার দোকানি, বিভিন্ন অফিসের লোকজনের।
সড়কে যানজট হওয়ায় ভাঙা ফুটপাতের ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। জাতীয় রাজস্ব বোর্ডের একজন কর্মী চলতে গিয়ে এই প্রতিবেদককে বলেন, ‘উন্নয়নকাজ হওয়ার দরকার আছে, তাই বলে মানুষকে ইচ্ছাকৃত কষ্ট দেওয়া কেন?’ এস এ পরিবহনের কর্মী আনোয়ার হোসেন বলেন, ‘বৃষ্টি হলে এখানে চলাচল অসম্ভব হয়ে যায়।’
শান্তিনগর বাজারের দিক থেকে যাঁরা বিজয়নগর বা পুরানা পল্টন যাবেন, যানজট এড়াতে তাঁদের অনেকে হেঁটেই যাতায়াত করছেন। হাতে থলিভর্তি সবজি নিয়ে আসছিলেন আবদুর রহমান নামের এক ব্যক্তি। বললেন, বাজারের ভেতরের রাস্তা এবং এই রাস্তা—দুটিই চলাচলের অনুপযোগী। যানজটের জন্য রিকশাওয়ালা পর্যন্ত যেতে চায় না।
পান-সিগারেটের বিক্রেতা সফিকুল বলেন, এখানে ফুটপাতে চলতে গিয়ে প্রতিদিন কেউ না কেউ গর্তে পড়ে যাচ্ছেন, বিশেষ করে সন্ধ্যার পর। গত রোববার সন্ধ্যায়ও দুজন পড়ে আহত হয়েছেন।
জানতে চাইলে ডিএসসিসির প্রকৌশল বিভাগ থেকে বলা হয়, বর্ষায় শান্তিনগর ও আশপাশের এলাকার জলাবদ্ধতা কমিয়ে আনতে মোটা ড্রেনেজ ব্যবস্থা হচ্ছে। ঠিকাদারের লোকজন সময়মতো পুরোনো নির্মাণসামগ্রী সরিয়ে না নেওয়ায় সমস্যা হচ্ছে। বিষয়টি ঠিকাদারকে জানানো হবে।