উন্নয়নকাজ চালুর দাবিতে জনপ্রতিনিধিদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে দুজন ভাইস চেয়ারম্যান ও সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সব চেয়ারম্যানের দ্বন্দ্বের কারণে প্রায় সাড়ে ছয় কোটি টাকার উন্নয়নমূলক কাজ বন্ধ রয়েছে। এর প্রতিকার চেয়ে উপজেলা পরিষদের দুজন ভাইস চেয়ারম্যান, সাতজন ইউপি চেয়ারম্যান ও ৮৪ জন ইউপি সদস্য গতকাল বুধবার বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন। উপজেলা পরিষদ সূত্র জানায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাত উদ্দিন আহমেঞ্চদের সঙ্গে একই পরিষদের দুজন ভাইস চেয়ারম্যান এবং সাতজন ইউপি চেয়ারম্যানের দ্বন্দ্বের কারণে ২০১১-১২ অর্থবছরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) ২১২ মেট্রিক টন চাল ফেরত গেছে। গত অক্টোবর মাসে উপজেলা পরিষদের গাড়িচালক পদে নিয়োগকে কেন্দ্র করে এ বিরোধ চরম রূপ পায়। বিরোধের জের ধরে উপজেলা পরিষদের দুজন ভাইস চেয়ারম্যান এবং সাতজন ইউপি চেয়ারম্যান দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা চেয়ে ৬ ডিসেম্বর ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন। এর পর থেকে উপজেলা পরিষদের দুজন ভাইস চেয়ারম্যান এবং সাতজন ইউপি চেয়ারম্যান উপজেলা পরিষদের উন্নয়ন সভায় যোগদান থেকে বিরত রয়েছেন। ফলে অনুমোদনের অভাবে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিইডি), উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে প্রাক্কলিত বিপুল পরিমাণ উন্নয়ন প্রকল্প আটকে আছে।এদিকে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিলের পর ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার মো. মুখলেছুর রহমান গত ১০ ফেব্রুয়ারি তাড়াইলে এসে ঘটনা তদন্ত করেন। ১৭ ফেব্রুয়ারি তিনি পুনরায় তাড়াইলে উপস্থিত হয়ে অনাস্থার ব্যাপারে কণ্ঠভোটে পরিদর্শকের ভূমিকা পালন করেন। ভোট শেষে আলাপকালে ওই দিন মুখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, উপজেলার দুজন ভাইস চেয়ারম্যান ও সাতজন ইউপি চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে কণ্ঠভোট গৃহীত হয়েছে। আজকের সভার কার্যবিবরণী অনুমোদনের জন্য স্যারের (ঢাকা বিভাগীয় কমিশনার) মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবরে পাঠানো হবে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ঢাকা বিভাগীয় কমিশনার অনাস্থা প্রস্তাবটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠান। কিন্তু এত দিনেও বিষয়টির সুরাহা না হওয়ায় থমকে আছে তাড়াইলের সামগ্রিক উন্নয়নমূলক কর্মকাণ্ড।এ নিয়ে তাড়াইলের সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধলা গ্রামের বাসিন্দা সমাজসেবক নাজমুল হক (৫৫) বলেন, দ্বন্দ্বের কারণে তাড়াইলের উন্নয়ন বন্ধ থাকতে পারে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টির দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। দামিহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে মাইনুজ্জামান বলেন, ‘উনাকে কমিশন না দিলে কোনো ফাইল চলে না। আমরা বাধ্য হয়ে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেছি।’ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাসেম খান বলেন, ‘দুর্নীতিবাজ উপজেলা চেয়ারম্যানের কারণে আজ তাড়াইলবাসী কঠিন সমস্যার মূখে পড়েছে। আমরা তাঁর (উপজেলা চেয়ারম্যান) অপসারণ চাই।’ অভিযোগ অস্বীকার করে ইসরাত উদ্দিন আহমেঞ্চদ বলেন, ‘পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় এবং সব ইউপি চেয়ারম্যানের দুর্নীতিকে আমি প্রশ্রয় দিইনি। তাই তাঁরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। এখনো সময় আছে। তাঁরা সমন্বয় করলে সুষ্ঠুভাবে উন্নয়ন করা সম্ভব।’ তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া জামান বলেন, ‘এবারও প্রায় সাড়ে ছয় কোটি টাকা ফেরত যাওয়ার উপক্রম হয়েছে। বিষয়টি নিয়ে আমি খুবই উদ্বিগ্ন।’ মুঠোফোনে যোগাযোগ করা হলে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তাড়াইলের উন্নয়নকাজ বন্ধ থাকায় আমি নিজেও হতাশ। এভাবে চলতে পারে না। জরুরি ভিত্তিতে এর সুরাহা হওয়া প্রয়োজন।’