উন্নয়নকাজে ধারাবাহিকতা রাখতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের প্রতি উন্নয়নকাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব মিলনায়তনে ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, জনগণের ভোটে নির্বাচিত হয়ে মাত্র পাঁচ বছরের জন্য সরকার গঠন করি। আমাদের স্থায়িত্বকাল মাত্র পাঁচ বছর; কিন্তু আপনাদের স্থায়িত্বকাল অনেক দীর্ঘ। কাজেই সরকারের যেকোনো কাজ, উন্নয়নকাজের ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্ব আপনাদের ওপরও বর্তায়।’
অনুষ্ঠানে ক্লাবের চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সভাপতিত্ব করেন। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক অতিরিক্ত সচিব ইব্রাহিম হোসেন খান অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সদস্য, বিচারপতি, সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং ক্লাবের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা ১২৩ ভাগ বেতন বাড়িয়ে দিয়েছি। অনেকেই বকেয়া অনেক টাকা একত্রে পেয়েছেন। এই টাকা থেকে আপনারা সঞ্চয় করতে পারেন।’ তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আমি জানি মাত্র ৭ থেকে ৮ শতাংশ কর্মকর্তা আবাসন-সুবিধা পান। অন্তত ৪০ ভাগ সরকারি কর্মকর্তার জন্য আবাসন-সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে উদ্যোগ গ্রহণ সরকারের পরিকল্পনায় রয়েছে।’
‘দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে’: এর আগে গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ৬০তম বনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নতুন ক্যাডার কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন জোরদারে গৃহীত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে। কঠোর ব্যবস্থা নিতে হবে দুর্নীতির বিরুদ্ধে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বিপিএটিসির রেক্টর এ এল এম আবদুর রহমান এবং অংশগ্রহণকারীদের পক্ষে হিয়া পাল ও সৈয়দ আশরাফুজ্জামান।
প্রধানমন্ত্রী বলেন, সিভিল সার্ভিসের প্রত্যেক সদস্যের দায়িত্ব হচ্ছে জনগণের সেবায় সর্বোত্তম প্রয়াস চালিয়ে যাওয়া। সরকারি কর্মকর্তাদের অবশ্যই প্রত্যেক মানুষের সামাজিক নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকতে হবে। ‘আমি কোনো দুর্নীতিতে নিজেকে জড়াব না অথবা কারও দুর্নীতিকে প্রশ্রয় দেব না’—এই আদর্শ নিয়ে কাজ করতে হবে।