উন্নয়নকাজে ধীরগতি দুর্ভোগে নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহরের শিববাড়ী থেকে চান্দনা চৌরাস্তা মৎস্য ভবন পর্যন্ত নর্দমা নির্মাণের কাজ করা হচ্ছে। এ জন্য গভীর গর্ত করে মাটি সড়কের ওপরই ফেলা হচ্ছে। এতে সড়কের ওপরে বিভিন্ন কারখানার তরল বর্জ্য ও পয়োনিষ্কাশনের পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক বাসিন্দা। নগরের লক্ষ্মীপুরা এলাকার ব্যবসায়ী আলাউদ্দিন মোল্লা বলেন, ‘গাজীপুর পৌরসভা থেকে সিটি করপোরেশন হওয়াতে ভেবেছিলাম ব্যাপক উন্নয়ন হবে। এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে। তার কিছুই পাইনি। বরং উন্নয়নের পানিতে এখন আমরা ভাসছি।’ তাঁর সঙ্গে একমত পোষণ করেন এলাকার আরও কয়েকজন বাসিন্দা।
সিটি করপোরেশন সূত্র জানায়, গাজীপুর শহর থেকে ঢাকা-গাজীপুর সড়কের উত্তর পাশ দিয়ে নগর আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের আওতায় নয় কোটি টাকা ব্যয়ে শহরের শিববাড়ী থেকে চান্দনা চৌরাস্তা মৎস্য ভবন পর্যন্ত একটি নর্দমা নির্মাণ করা হচ্ছে। পপুলার এম ইঞ্জিনিয়ারিং খন্দকার লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে গত আগস্ট মাসে কাজ দেওয়া হয়।
সরেজমিনে দেখা গেছে, শহরের প্রবেশমুখ লক্ষ্মীপুরা ও তিন সড়ক এলাকায় ঢাকা-গাজীপুর সড়কের পাশ ঘেঁষে নর্দমা নির্মাণ করা হচ্ছে। এ জন্য গভীর গর্ত করে মাটি সড়কের ওপরই ফেলা হচ্ছে। সড়কের ওপরে বিভিন্ন কারখানার তরল বর্জ্য ও পয়োনিষ্কাশনের পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সড়কের বিভিন্ন স্থান ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ওই স্থানের পাশেই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। ওই দুটি প্রতিষ্ঠানের কর্মী ও পথচারীদের প্রতিনিয়ত ময়লা পানি পার হয়েই চলতে হচ্ছে। ময়লা জমে থাকায় সরু সড়ক আরও সরু হয়ে গেছে। এতে প্রায় সময়ই ওই সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজটের সৃষ্টি হচ্ছে।
এদিকে নর্দমা নির্মাণের কারণে সড়কের পাশের বেশ কিছু দোকানপাটের সামনের অংশ ভেঙে ফেলায় ব্যবসায়ীরাও রয়েছেন লোকসানের মুখে।
পূর্ব চান্দনা এলাকার মো. হাবিবুর রহমান বলেন, রাস্তা খারাপ থাকায় প্রতিদিন সড়কে যানজট লেগে থাকে। এর মধ্যে ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ময়লা পানি আর দুর্গন্ধে সড়ক দিয়ে হাঁটা যায় না।
স্থানীয় মনিহারি ব্যবসায়ী সেলিম হোসেন জানান, মহাসড়কের পাশে নর্দমা নির্মাণ করতে গিয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ দোকান ও মার্কেটের সামনের অংশ ভেঙে ফেলেছে। তা ছাড়া, ময়লা-আবর্জনার স্তূপ ও নোংরা পানি ডিঙিয়ে কোনো ক্রেতা দোকানে আসছেন না। আগে যে দোকানে দৈনিক ছয়-সাত হাজার টাকা বিক্রি হতো, এখন দেড় থেকে দুই হাজার টাকা বিক্রি হয়।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশের বাইরে থাকায় তাঁদের কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে সম্প্রতি সিটি করপোরেশনের মিলনায়তনের এক অনুষ্ঠানে মেয়র নগরবাসীর ভোগান্তির বিষয়ে প্রথম আলোকে বলেন, নর্দমার কাজটি দ্রুত করা হচ্ছে। কাজ শেষ হলে ওই সব এলাকার জলাবদ্ধতা কমে যাবে। এমনকি বর্ষায়ও জলাবদ্ধতা সৃষ্টি হবে না।
কাজটির ব্যাপারে পপুলার এম ইঞ্জিনিয়ারিং খন্দকার লিমিটেডের মালিক ফজলুল হকের মুঠোফোনে কল দিলেও তিনি ফোন ধরেননি।
কাজটির তদারককারী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী আকবর আলী বলেন, ‘আগামী আগস্ট মাসের আগেই আমরা কাজ শেষ করব। রাস্তার পাশে কাজ করায় মানুষের কিছুটা দুর্ভোগ হচ্ছে।’