বান্দরবানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময়ে (২০০৯-২০১৫) হাজার কোটি টাকা ব্যয়ে উন্নয়নকাজের সঙ্গে মানুষের আর্থসামাজিক অগ্রগতির সংগতি নেই। অধিকাংশ মানুষ এখনো স্যানিটেশন ও নিরাপদ পানির আওতার বাইরে রয়েছে। এক-চতুর্থাংশ শিশু প্রাথমিক শিক্ষা শেষ হওয়ার আগে ঝরে পড়ছে।
গতকাল জেলার অর্থনৈতিক ও সামাজিক অর্জন সম্পর্কে অবহিত করতে জেলা প্রশাসন আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থাপিত প্রতিবেদনে এসব কথা বলা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী। এতে অন্যদের মধ্যে বোমাং রাজা উ চ প্রু চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নূরুল্লাহ নূরী প্রমুখ উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি।
প্রতিবেদনটি উপস্থাপন করেন নূরুল্লাহ নূরী। তিনি বলেন, মহাজোট সরকারের বিগত ছয় বছরে জেলায় নতুন ৭১৮ কিলোমিটার সড়ক, ১ হাজার ১৩৬ মিটার সেতু নির্মাণসহ অন্যান্য অবকাঠামো উন্নয়নে প্রায় ৯৮৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এ ছাড়া একটি বাড়ি একটি খামার প্রকল্প, বিভিন্ন ভাতা, ক্ষুদ্রঋণসহ সামাজিক নিরাপত্তার জন্য প্রায় ২৫ কোটি টাকা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে অবকাঠামো নির্মাণ, সামাজিক নিরাপত্তাবেষ্টনীতে হাজার কোটি টাকা উন্নয়নকাজে বিনিয়োগে ২০০৯ থেকে এ পর্যন্ত তেমন অগ্রগতি পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। জেলায় এখনো প্রতি হাজারে শূন্য থেকে পাঁচ বছরের ৫০ জন, এক বছর বয়সের ৪৭ জন শিশু ও ২ দশমিক ৮৩ জন মায়ের মৃত্যু হয়। ২০০৯ সালে এই হার ছিল যথাক্রমে ৫৪ জন, ৫১ ও ৩ দশমিক ৯ জন। ৫১ শতাংশ মানুষ এখনো নিরাপদ পানি ও ৫৪ শতাংশ স্যানিটেশনের আওতায় আসেনি। ১০০ কোটি টাকার প্রাথমিক বিদ্যালয় নির্মাণ-সংস্কার, ৬৩৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু বিদ্যালয়ে ভর্তি হওয়া ৯৭ শতাংশ শিশু থেকে ২৪ দশমিক ২৫ শতাংশ শিশু শিক্ষা শেষ হওয়ার আগে ঝরে পড়ে।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, কোনো প্রকল্প জনগণের উপকারে না এলে বাস্তবায়নের আগে তা জানানো উচিত।