উন্নয়নবঞ্চিত পৌরবাসী চায় সৎ জনপ্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট, হোমনা ও চৌদ্দগ্রাম পৌরসভায় প্রথমবারের মতো নির্বাচন হতে যাচ্ছে আগামী ১৮ জানুয়ারি। প্রতিষ্ঠার দীর্ঘ সময় পরও এসব পৌরসভায় কোনো ধরনের উন্নয়নের ছোঁয়া লাগেনি। গড়ে ওঠেনি প্রয়োজনীয় অবকাঠামো। উন্নয়নবঞ্চিত এসব পৌরসভার ভোটাররা চান সৎ, শিক্ষিত ও জনগণের জন্য নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি।খোঁজ নিয়ে জানা গেছে, চারদলীয় জোট সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় নাঙ্গলকোট, হোমনা ও চৌদ্দগ্রামে নতুন পৌরসভা প্রতিষ্ঠা করা হয়। এর মধ্যে ২০০২ সালের ২২ ফেব্রুয়ারি নাঙ্গলকোট, ২০০২ সালের ১৯ ডিসেম্বর হোমনা এবং ২০০৩ সালের ২১ এপ্রিল চৌদ্দগ্রাম পৌরসভা প্রতিষ্ঠা করা হয়।সরেজমিনে জানা গেছে, নাঙ্গলকোট পৌর এলাকায় রয়েছে পানীয়জলের সংকট, গ্যাস সরবরাহ নেই। নিজস্ব ভবন থাকলেও নেই তার সীমানাপ্রাচীর। পৌরসভা প্রতিষ্ঠার আট বছর হলেও একটি পূর্ণাঙ্গ অবকাঠামো হয়নি। প্রতিষ্ঠার শুরুতে সেখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল্লাহ মজুমদার পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই দায়িত্ব পান। এ পৌরসভায় ভোটারসংখ্যা ১৩ হাজার ৮৮২।বর্তমান পৌর প্রশাসক মুহাম্মদ রেহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পৌরসভায় গ্যাসের সংযোগ নেই, নেই পানির ব্যবস্থা। সব মিলিয়ে এটি একটি অনুন্নত ‘গ’ শ্রেণীর পৌরসভা। এখানে প্রকৃত অর্থে উন্নয়ন তেমন হয়নি।’ নাঙ্গলকোট মহিলা মডেল কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ বলেন, নির্বাচিত মেয়র থাকলে এলাকার উন্নয়ন হবে। এ ক্ষেত্রে সৎ ও যোগ্য প্রার্থীকেই চাইছেন তাঁরা।১৬ হাজার ৭৪৪ জন ভোটারের হোমনা পৌরসভা ভবনে দিনের বেলায় গরু-ছাগল চরে। গড়ে ওঠেনি নর্দমাব্যবস্থা। সড়কগুলো খুবই সংকীর্ণ। ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফেরদৌস আহমেদ চৌধুরী বলেন, ‘এটি কেবল নামেই পৌরসভা। রাস্তাঘাটের বেহাল দশা।’ ইউএনও ও পৌর প্রশাসক মো. গোলাম মোস্তফা জানান, পৌরবাসী মোটামুটি সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন। তবে পুরো পৌর এলাকায় গ্যাস সরবরাহ করা হয়নি।চৌদ্দগ্রামে এখন পর্যন্ত পৌর ভবন হয়নি। উপজেলা প্রশাসনের কার্যালয়ের সঙ্গে তিন কক্ষবিশিষ্ট টিনশেডের একটি ভবনে কাজ চালানো হচ্ছে। বিলুপ্ত ইউনিয়ন পরিষদের সদস্যরা পৌর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। পৌরসভার বাসিন্দারা রাজস্ব দিলেও নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। পৌরসভার সচিব হারুন অর রশীদ বলেন, ভবন না থাকায় তাঁদের অসুবিধা হচ্ছে।পৌর এলাকার বাসিন্দা মনির হোসেন, সাইফুল ইসলাম ও তানভীর হাসান বলেন, ‘শিক্ষিত প্রার্থী না হলে ভোট দেব না। তাই সৎ ও পড়াশোনা জানা প্রার্থীকে ভোট দেব।’ চৌদ্দগ্রামে ইউএনও ও পৌর প্রশাসক মো. মোতাহের হোসেন বলেন, এখানে কিছু কিছু কাজ হচ্ছে। অবকাঠামোগত সমস্যা দূর হলে পৌরবাসী আরও সেবা পেতেন। এখানে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক মেয়র প্রার্থী নির্বাচন করার ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন। এই পৌরসভায় ভোটারসংখ্যা ২০ হাজার ৫৩১।কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ বলেন, ‘নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে অনেকেই প্রার্থিতা ঘোষণা করতে পারেন। এটি নির্দলীয় নির্বাচন হলেও সম্মিলিতভাবে সবাই মিলে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেব আমরা।’