উন্নয়নবঞ্চিত বাসিন্দাদের ভোটে আগ্রহ কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভোট আসলে জানতে পারি আমরা পৌরবাসী। তার আগে কোনো কিছুতেই বুঝতে পারি না, আমাদের এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বিমাকর্মী মিজানুর রহমান। শুধু তিনি একা নন, তাঁর মতো এই ওয়ার্ডের অনেক ভোটার এলাকার উন্নয়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।
পৌরসভার শেষ প্রান্তে অবস্থান ৯ নম্বর ওয়ার্ডের। কর্ণিপাড়া, জানিপুর ও রামকৃষ্ণপুর নিয়ে এই ওয়ার্ড। মোট ভোটার ১ হাজার ২ জন। ওয়ার্ডের অর্ধশত ভোটার বলেছেন, পৌরসভা ঘোষণার পর থেকে এই ওয়ার্ডে উল্লেখযোগ্য কোনো উন্নয়নকাজ করা হয়নি।
ওয়ার্ডের বাসিন্দা পল্লিচিকিৎসক বিকাশ কুমার পাল প্রথম আলোকে বলেন, এই ওয়ার্ডে কোনো পাকা রাস্তা নেই। এ কারণে এবার তাঁদের ভোট দেওয়ার কোনো আগ্রহ নেই। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জনপ্রতিনিধিদের দিয়ে যদি এলাকার উন্নয়নই না হয়, তাহলে তাঁদের নির্বাচিত করে লাভ কী? অন্য ভোটাররাও একই রকম ক্ষোভ প্রকাশ করেন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ভোটের তেমন আমেজ নেই। স্থানীয় কয়েকজন কাউন্সিলর প্রার্থী থাকায় কেবল তাঁরাই মাঠ জমানোর চেষ্টা করছেন। ওয়ার্ডটিতে স্থানীয় লোকজনের দুর্ভোগের চিত্র নজরে আসে। শিবজাইট থেকে থানার মোড় পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার অবস্থা নাজুক। সমস্ত রাস্তা খুঁড়ে ঠিকাদার কাজ না করায় লোকজনদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।
এ বিষয়ে পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সহকারী প্রকৌশলী লিটন মিয়া বলেন, গোটা রাস্তা পৌরসভার ভেতরে হলেও তা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)।
এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন, শহিদুল ইসলাম ও আমানতুল্যাহ এলাকাবাসীর ক্ষোভ ও অভিযোগের সঙ্গে একমত পোষণ করে বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন।
বর্তমান মেয়র ও বিএনপির মেয়র প্রার্থী আবদুর রাজ্জাক বলেছেন, পৌরসভায় সামান্য পরিমাণ বরাদ্দ পাওয়া যায়। তা বণ্টন করে এলাকার উন্নয়নের চেষ্টা করেন। তবে আবারও নির্বাচিত হলে ওয়ার্ডটির উন্নয়নের দিকে বিশেষ নজর দেবেন।