মানিকগঞ্জের উন্নয়নমূলক কাজে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন। পাশাপাশি জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন সমস্যার চিত্রও গণমাধ্যমে তুলে ধরারও অনুরোধ জানান তিনি।
গতকাল রোববার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে জেলায় কর্মরত সংবাদকর্মীদের কাছে চেয়ারম্যান এ প্রত্যাশা করেন। মানিকগঞ্জ প্রেসক্লাব ও মানিকগঞ্জ সাংবাদিক সমিতি যৌথভাবে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে এ সংবর্ধনা দেয়।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গোলাম মহীউদ্দিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি সাইফুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা শাখার সভাপতি মতিউর রহমান, সাবেক সভাপতি সাব্বিরুল ইসলাম প্রমুখ। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। গোলাম ছারোয়ার বলেন, সংবাদকর্মীরা কারও শত্রু নন। পেশাগত দায়বদ্ধতা থেকেই একজন সংবাদকর্মী সমাজের বিভিন্ন ভুলভ্রান্তি, অনিয়ম-দুর্নীতি ও সমস্যার দিকগুলো তুলে ধরেন।