উন্নয়নে আ.লীগের ভূমিকার প্রশংসায় বিদেশি অতিথিরা

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দেওয়া বিদেশি অতিথিরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষমতাসীন দলটির ভূমিকার প্রশংসা করেছেন। তাঁরা শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসাও করেন।
আজ শনিবার দুই দিনব্যাপী সম্মেলনে অংশ নিয়েছেন ১১টি দেশের ৫৯ প্রতিনিধি। উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি আমন্ত্রিত অতিথিদের কয়েকজন বক্তব্য দেন। বিদেশি অতিথিদের মধ্যে ভারতের বিজেপি, কংগ্রেস, সিপিএম, ফরোয়ার্ড ব্লক, তৃণমূল কংগ্রেস এবং আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়ের আঞ্চলিক কয়েকটি দলের ২৪ জন প্রতিনিধি অংশ নেন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পাঁচজন প্রতিনিধি সম্মেলনে এসেছেন। এ ছাড়া যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, ভুটান, অস্ট্রিয়া, রাশিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও কানাডার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে ভারতের জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক গোলাম নবী আজাদ বলেন, কংগ্রেস ও আওয়ামী লীগের সম্পর্ক অনেক পুরোনো ও দৃঢ়। ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ নানা সময়ে দুটি দল কাছাকাছি থেকেছে। অনেক প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে এ দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন শ্রীমতি ইন্দিরা গান্ধী। বাংলাদেশের এক কোটি শরণার্থীর জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন তিনি।
গোলাম নবী আজাদ বলেন, কংগ্রেস ও আওয়ামী লীগ দুটি দলই নিজ নিজ দেশের উন্নয়নে স্বাধীনতার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চরম দারিদ্র্য ও বৈষম্য রোধ করতে দুটি দল ক্ষমতায় থেকে ব্যাপক ভূমিকা রেখেছে।
সম্মেলনে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক ভাইস মিনিস্টার ঝেং জিয়াওসং বলেন, আওয়ামী লীগ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঝেং জিয়াওসং আরও বলেন, চীনা কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগ সব সময় নিবিড় সম্পর্ক রেখে চলেছে। এই সম্পর্ক দুই দেশের সম্পর্ক উন্নয়নে একটি চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।
ভারতের ক্ষমতাসীন জনতা পার্টির (বিজেপি) সহসভাপতি বিনয় প্রভাকর সহস্রাবুদ্ধে বলেন, বঙ্গবন্ধু শুধু এ দেশের মানুষের স্বাধীনতার প্রেরণার উৎস ছিলেন না। যাঁরা মানুষের মুক্তি ও মানবতার আন্দোলন করেন, সবারই প্রেরণার উৎস তিনি। তিনি শেখ হাসিনাকে বিরল নেতা হিসেবে আখ্যায়িত করেন।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উদ্দেশে বিনয় প্রভাকর বলেন, ‘আপনি সত্যিকার অর্থেই জননেত্রী। আপনি একজন বিরল নেত্রী। শুধু বাংলাদেশের মানুষের জননেত্রী নন, আপনি এই পুরো উপমহাদেশ এবং বিশ্বের মানুষের নেত্রী।’
সম্মেলনে বিনয় প্রভাকরের সঙ্গে বিজেপির দুই সদস্য রূপা গাঙ্গুলি এবং ত্রিপুরার দলীয় নেতা বিপ্লব কুমার দেবও এসেছেন।
রাশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া পার্টির ডেপুটি সেক্রেটারি সের্গেই ঝেলঝিনিয়াক বলেন, বাংলাদেশকে যেসব দেশ স্বাধীনতাযুদ্ধে সমর্থন করেছিল, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তার মধ্যে অন্যতম। আজকের রাশিয়া তারই উত্তরাধিকার। আন্তর্জাতিক নানা ক্ষেত্রে দুটি দেশের একই অবস্থান। ঝেলঝিনিয়াক বলেন, ‘আমাদের বাণিজ্য ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। চলতি বছরে এই ইতিবাচক প্রবণতা আছে।’ তিনি আরও বলেন, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরির প্রচেষ্টা শুরু হয়েছে রূপপুরে। গত জুলাই মাসে দুটি দেশের মধ্যে চুক্তি হলো।
‘আমি বাংলাদেশকে ভালোবাসি’—বাংলা ভাষায় এ কথাটুকু বলে বক্তব্য শুরু করেন অস্ট্রেলিয়ার লেবার পার্টির নেতা হিউ ম্যাকডরমট। তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া চতুর্থ রাষ্ট্র অস্ট্রেলিয়া। বাংলাদেশের সঙ্গে যেসব রাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল, সেসব দেশের মধ্যে প্রথমে ছিল অস্ট্রেলিয়া। আওয়ামী লীগ ও এর নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের পুনর্গঠনে অগ্রণী ভূমিকা নিয়েছেন।
ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিএম) পলিটব্যুরোর সদস্য বিমান বসু বলেন, ‘বাংলা ভাষা ও সংস্কৃতিকে যে উঁচু মানে তুলেছেন আপনারা। আপনাদের সরকারের উদ্যোগেই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে। সারা পৃথিবীর মানুষ এটা জানে। মৌলবাদী শক্তির বিরুদ্ধে আপনাদের ভূমিকাকে কুর্নিশ জানাই।’ বিমান বসু আরও বলেন, ‘জমির ক্ষেত্রে ভারতের সঙ্গে কিছু বিষয়ের সমস্যা সমাধানে আপনারা অনেকটা অগ্রসর হয়েছেন। কিন্তু নদীর ক্ষেত্রে সমস্যার সমাধান এখনো হয়নি। নদীর জলবণ্টনের ক্ষেত্রে এখনো কিছু সমস্যা আছে। সেই সমস্যা সমাধানের পথে আপনারা ইতিবাচক ভূমিকা পালন করবেন এবং ভারত সরকারও বিশ্বের জনগণের কাছে ওয়াদা করার ক্ষেত্রে নির্দিষ্ট পদক্ষেপ নেবে, এই আশা করি।’
সম্মেলনে নেপালি কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রামশরন মাহাতো বলেন, নেপালি কংগ্রেস আওয়ামী লীগের সঙ্গে এক আবেগের বন্ধনে বাঁধা। বাংলাদেশের প্রতিষ্ঠালগ্নে অনেকেই বলেছিল, দেশটি উন্নতি করবে না। এ দেশের মানুষ এবং বঙ্গবন্ধু প্রমাণ করেছেন, এটি সত্য নয়। বাংলাদেশ এখন উদীয়মান অর্থনীতির একটি।
সম্মেলনে ইতালির ডেমোক্রেটিক পার্টির খালিদ চাওকি এমপি, অস্ট্রিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির মিসেস ফুকস এমপি, শ্রীলঙ্কার ধর্মবিষয়ক মন্ত্রী এ এইচ মোহাম্মদ হাশেম, ওয়েলস লেবার পার্টির জেনি র্যাথবোন, কানাডার কনজারভেটিভ পার্টির দীপক ওবেরয়, ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আসামের সাবেক মুখ্যমন্ত্রী ও আসাম গণপরিষদের নেতা প্রফুল্ল কুমার মহন্ত, মেঘালয়ের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির মজিদ মেমন, মিজোরাম রাজ্যের মিজো ন্যাশনাল ফ্রন্টের জোরাম থাঙ্গা প্রমুখ বক্তব্য দেন।