উন্নয়নে কাঙ্ক্ষিত হিস্যা পাওয়া যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অর্থনীতিতে চট্টগ্রামের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। অথচ চট্টগ্রাম কাঙ্ক্ষিত হিস্যা পাচ্ছে না। বিশেষ করে, বন্দর ও কাস্টমসের মাধ্যমে সরকার সিংহভাগ রাজস্ব আয় করে। চট্টগ্রাম কাস্টম কর্তৃপক্ষ গত অর্থবছরে ২৫ হাজার কোটি টাকা আয় করেছে। কিন্তু চট্টগ্রাম উন্নয়নে বাজেটে বরাদ্দ তেমন নেই বললেই চলে। গতকাল সোমবার বিকেলে নগরের মোমিন রোডের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম নাগরিক আন্দোলন এর আয়োজন করে। চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ, সিটি করপোরেশনের রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতা নিরসন, অযৌক্তিক হোল্ডিং কর বৃদ্ধি রোধ ও চট্টগ্রামে আবাসিক গ্যাসসংযোগ দেওয়ার দাবিতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, আবু নোমান, ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান, চৌধুরী মো. গিয়াসউদ্দিন, সাংবাদিক জসিম চৌধুরী, গণতান্ত্রিক পার্টির সহসভাপতি স্বপন সেন, আওয়ামী লীগের নেতা নুরুল আমিন, সুলতান আহমেদ, খায়রুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন চট্টগ্রাম নাগরিক আন্দোলনের আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী। বক্তারা গ্যাসসংকট নিরসন প্রসঙ্গে বলেন, বিশেষজ্ঞদের মতে, মাত্র ১ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চট্টগ্রামের আবাসিক ক্ষেত্রে প্রয়োজন। বর্তমানে দুই হাজার ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে। সরকারের কাছে চট্টগ্রামবাসীর প্রাণের দাবি, এখনই চট্টগ্রামে আবাসিক গ্যাসসংযোগ দেওয়া হোক।বক্তারা করপোরেশনের অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স কমিয়ে আগের নিয়মে তা আদায়ের দাবি জানান। এ ছাড়াও নগরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে করপোরেশনের নজরদারি বাড়ানো, বিদ্যুতের ভুতুড়ে বিল বন্ধে পিডিবির দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, পাহাড় কাটা ও পুকুর ভরাট বন্ধের দাবি জানান। বক্তারা চট্টগ্রামে একটি আধুনিক মানের পার্ক গড়ে তোলার জন্য সরকারের কাছে আহ্বান জানান।