উন্নয়নে গতি আনতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিনা​ের বাঁ থেকে ইফতেখারুজ্জামান, রো​িকয়া আফজাল রহমান, কারমেন জেড ল্যামাগনা ও সেলিমা আহমাদ l ছবি: প্রথম আলো
সেমিনা​ের বাঁ থেকে ইফতেখারুজ্জামান, রো​িকয়া আফজাল রহমান, কারমেন জেড ল্যামাগনা ও সেলিমা আহমাদ l ছবি: প্রথম আলো

জাতীয় অর্থনৈতিক উন্নয়নে গতি আনতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। নারীর এই ক্ষমতায়ন পরিবার থেকেই শুরু করা দরকার। গতকাল শনিবার ‘বাংলাদেশে নারীর ক্ষমতায়নে কর্মসংস্থানের ভূমিকা নিরূপণ’ শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞ আলোচকেরা এ কথা বলেন।
ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা এবং ওই স্কুলের টেন গ্রেডের শিক্ষার্থী শ্নায়া মাহিয়া আবেদিন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার স্কুল মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের চেয়ারপারসন রোকিয়া আফজাল রহমান বলেন, পুরুষতান্ত্রিকতা বাংলাদেশে বড় সমস্যা। কিন্তু নারীদের ঘরে আবদ্ধ থাকা, কথা না বলাও এখানে অন্যতম সমস্যা। তিনি বলেন, ক্ষুদ্রঋণ, তৈরি পোশাকশিল্প ও ব্যাংক খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখছে। তবে গুরুত্বপূর্ণ ও শীর্ষ পদে এখনো নারীর প্রতিনিধিত্ব কম।
অনুষ্ঠানে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য কারমেন জেড ল্যামাগনা বলেন, কর্মজীবী মায়েদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাঁদের কাজের স্বস্তিকর পরিবেশ নিশ্চিত করতে হবে।
সেমিনারে প্রায় সব বক্তাই শ্নায়া আবেদিনকে এমন বিষয় বেছে নেওয়ার জন্য অভিনন্দন জানান। শ্নায়া চূড়ান্ত বর্ষের প্রকল্পের অংশ হিসেবে এ বিষয় বেছে নিয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্যারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান পরিবারে নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নারীরা আসীন। স্বাস্থ্য, শিক্ষা ক্ষেত্রে অগ্রগতিও ভালো। কিন্তু এগুলোর সংখ্যাতাত্ত্বিক দিকটাই ভালো, মানের দিকে তাকালে প্রকৃত চিত্র ভালো নয়। তিনি বলেন, ‘আমরা মঞ্চে দাঁড়িয়ে অনেক কথা বলি, কিন্তু বাড়ি ফিরে পিতৃতান্ত্রিক আচরণেই ফিরে যাই।’
অনুষ্ঠানে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিমা আহমাদ বাল্যবিবাহ বন্ধে গুরুত্ব দিতে বলেন। নারীর জন্য প্রশিক্ষণ, সুষ্ঠু যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন তিনি।
বক্তব্য প্রদান শেষে প্রশ্নোত্তরপর্বে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা। নারীর ক্ষমতায়নে কী করা উচিত, এমন এক প্রশ্নের জবাবে রোকিয়া আফজাল রহমান বলেন, সবার আগে নারীর প্রতি সম্মানের বিষয়টি নিশ্চিত করতে হবে। ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার সেকেন্ডারি স্কুলের ডেপুটি হেড স্টেসি স্মিথ সেমিনারে সমাপনী বক্তব্য দেন।