উন্নয়নে চেষ্টার ত্রুটি ছিল না: মন্জুর আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্জুর আলম
মন্জুর আলম

এখনো মাঝারি বৃষ্টিতেই ডুবে যায় চট্টগ্রাম শহরের রাস্তাঘাট। কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলেও বন্দরনগরের সামগ্রিক চেহারা জরাজীর্ণ। সেখানে দুই মেরুর দুজন রাজনীতিবিদ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ১৭ জুন মেয়র হিসেবে চার বছর পূরণ করবেন মন্জুর আলম। আর সিডিএ চেয়ারম্যান হিসেবে পাঁচ বছর পূর্ণ করে সম্প্রতি আরও এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন আবদুচ ছালাম। সম্প্রতি তাঁদের মুখোমুখি হয়েছিল প্রথম আলো৷ সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শরিফুজ্জামান এবং চট্টগ্রাম কার্যালয়ের প্রতিবেদক সুজন ঘোষ
প্রথম আলো: আপনার প্রথম ও প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি শহরের জলাবদ্ধতা কি নিরসন হয়েছে?
মেয়র: জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পুরোপুরি না হলেও অনেকটা সুফল মিলেছে। দায়িত্ব নেওয়ার সময় এক্সকাভেটর ছিল নয়টি, এখন আছে ২০টি। এ ছাড়া বহদ্দারহাট থেকে ডোম খাল পর্যন্ত সংযোগ করে দেওয়া হয়েছে। শহরের ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করা হচ্ছে। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে ৪০ কোটি টাকা ব্যয়ে দুটি প্রকল্পের কাজ চলছে।
প্রথম আলো: জলাবদ্ধতা নিরসনে এসব উদ্যোগ যথেষ্ট হলে প্রথম বর্ষণেই শহরের অনেক এলাকা তলিয়ে গেল কেন?
মেয়র: ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া এই শহরের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন হবে না। প্রায় ১৯ বছর আগে এই মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এটি বাস্তবায়নে প্রায় এক হাজার কোটি টাকা প্রয়োজন। তবে ২৯৭ কোটি টাকা ব্যয়ে নতুন খাল খননের জন্য একটি প্রকল্প সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
প্রথম আলো: গত কয়েক বছরে শহরে গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। কিন্তু জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পটি কেন আটকে রইল?
মেয়র: এই প্রশ্ন আমারও, এর জবাব সবার জানা। তবে মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলেও নতুন খালটি খনন করা জরুরি ছিল। আশা করা যায়, এটি অনুমোদন পাবে।
প্রথম আলো: এবার নগরে জলাবদ্ধতা কেমন হবে?
মেয়র: আশা করি, আগের তুলনায় কম হবে। অনেক সময় প্রাকৃতিক কারণে জোয়ার ও বৃষ্টির পানি একসঙ্গে হয়ে জলাবদ্ধতা হয়। এ ছাড়া শহররক্ষা বেড়িবাঁধসংলগ্ন ১০টি ওয়ার্ডে যেসব স্লুইসগেট রয়েছে, সেগুলোর প্রশস্ততা কম। কাট্টলী থেকে পতেঙ্গা এলাকায় ২০টি স্লুইসগেট নির্মাণ করা হলে বৃষ্টির পানি দ্রুত বঙ্গোপসাগরে পড়বে। সম্প্রতি পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে কথা হয়েছে। তিনি কয়েকটি স্লুইসগেট করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
প্রথম আলো: চট্টগ্রামের সব বড় কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), করপোরেশন পিছিয়ে থাকছে কেন? এর কারণ কি রাজনৈতিক?
মেয়র: উন্নয়নের ক্ষেত্রে চট্টগ্রাম আগে থেকেই অবহেলিত ছিল। যার মাধ্যমেই হোক, যেকোনো উপায়ে হোক, আমরা চট্টগ্রামের উন্নয়ন চাই। সিডিএ চাহিদা অনুযায়ী কাজ পাচ্ছে বলেই করছে। আর চট্টগ্রামের উন্নয়ন মানেই তো দেশের উন্নয়ন।
প্রথম আলো: বিরোধী দল-সমর্থিত মেয়র হিসেবে সরকারের সহায়তা কেমন পাচ্ছেন? মেয়র পদে থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদে থাকার যৌক্তিকতা ছিল কি?
মেয়র: সরকারের সহযোগিতা পাচ্ছি না, এটা বলব না। তবে চট্টগ্রামের উন্নয়নে যা চাচ্ছি বা যা প্রয়োজন, তা পাচ্ছি না। গত চার বছরে সব মিলিয়ে ৩১০ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। অবশ্য এর আগের ২২ বছরে করপোরেশন বরাদ্দ পেয়েছিল ৯১৫ কোটি টাকা। আর উপদেষ্টার পদ তো আলংকারিক, এই পদের তো কাজ নেই। তা ছাড়া মেয়র পদে দায়িত্ব নেওয়ার পর সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে চেয়েছি।
প্রথম আলো: উন্নয়নকাজে সিটি করপোরেশন ও সিডিএর সমন্বয় নেই কেন?
মেয়র: প্রতিটি কাজের ক্ষেত্রে সমন্বয়কে প্রাধান্য দেওয়া উচিত। সিডিএ যেসব কাজ করে, সেগুলো আমাদের বললে ভালো হয়। করপোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। মেয়র ও কাউন্সিলররা জনগণের ভোটে নির্বাচিত। জনগণের চাওয়া-পাওয়া সম্পর্কে আমাদের ধারণা আছে।
প্রথম আলো: নগর আগের মতো পরিচ্ছন্ন নেই। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ভেঙে পড়ার কারণ কী?
মেয়র: শহরে এক হাজার ২৭০টি ডাস্টবিন ও ৯০টি কনটেইনার রয়েছে। বর্জ্য অপসারণের জন্য নতুন তদারকি সেল গঠন করা হয়েছে। সেখানে ফোন নাম্বার দেওয়া আছে। নগরবাসী জানালে, সংশ্লিষ্ট ওয়ার্ড সুপারভাইজারদের আবর্জনা পরিষ্কার করতে বার্তা দেওয়া হয়। তবে শহর পরিচ্ছন্ন রাখতে কিছু মানুষ নাগরিক দায়িত্ব পালন করছেন না, তাঁদের জন্য সচেতনতামূলক বিভিন্ন প্রচার শুরু হয়েছে।
প্রথম আলো: কিছু ওয়ার্ডে কাউন্সিলররা পরিচ্ছন্ন সুপারভাইজারদের সঙ্গে যোগসাজশ করে টাকা তুলে নেন, কিন্তু কাজ করেন না। আপনি জানেন কি?
মেয়র: এ রকম অভিযোগ শুনেছি। করপোরেশনের তদারকি দল ওয়ার্ড কার্যালয়ে ঝটিকা সফর শুরু করেছে। আশা করছি, এ রকম কিছু থাকলে তা খুব শিগগির বন্ধ হবে।
প্রথম আলো: নগরের ফুটপাত এখনো দখলমুক্ত হয়নি। হকারদের স্থায়ী পুনর্বাসনের নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতে পারছেন কি?
মেয়র: হকারদের স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে রেলওয়ে ও বন্দরের পতিত জমি চাওয়া হয়েছে। তাঁদের একটি বিপণিবিতান করে দিতে পারলে প্রায় পাঁচ হাজার হকারকে স্থায়ী পুনর্বাসন করে দেওয়া যাবে। এ বিষয়ে কানাডিয়ান একটি প্রতিষ্ঠানের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে৷
প্রথম আলো: করপোরেশনের আর্থিক সংকট প্রকট হয়েছে কেন? ভবিষ্য তহবিলের টাকা ঠিকমতো জমা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
মেয়র: অভাব-অনটন থাকলেও আল্লাহর রহমতে করপোরেশন আটকে যায়নি। দায়িত্ব নেওয়ার সময় করপোরেশনের কাছে বিভিন্ন পাওনা ছিল ১৫০ কোটি টাকা। চার বছরে ১৩০ কোটি টাকা পরিশোধ করেছি। এ ছাড়া করপোরেশনের কর্মীদের ৩০ মাসের আনুতোষিক বাবদ সাড়ে ১২ কোটি টাকা বকেয়া ছিল। এই অর্থ পর্যায়ক্রমে পরিশোধ করা হচ্ছে। ভবিষ্য তহবিলের টাকা জরুরি প্রয়োজনে হয়তো ব্যবহার করা হয়। কিন্তু তা আবার রেখে দেওয়া হয়।