উন্নয়নে টেকসই পরিকল্পনার বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উন্নয়নের জন্য বিদেশি সাহায্য প্রয়োজন আছে, কিন্তু তা নেওয়ার ক্ষেত্রে কোন কোন খাতকে গুরুত্ব দেওয়া হবে—উন্নয়নশীল দেশগুলোকে তা ঠিক করতে হবে। এর জন্য টেকসই পরিকল্পনার বিকল্প নেই।
গতকাল শনিবার বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে নগর গবেষণা কেন্দ্র, ঢাকার ৪২তম সাধারণ সভা ও মুক্ত আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে এই অভিমত জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, একসময় আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের মাত্র ৩০ শতাংশ আসত গ্রাম থেকে। এখন নগরায়ণের ফলে মোট অর্থনৈতিক কর্মকাণ্ডের ৬০ শতাংশ শহরকেন্দ্রিক। এটা শক্তভাবে ধরে রাখতে হলে পরিকল্পনা নিয়ে এগোতেই হবে। তিনি বলেন, দাতাদের ওপর নির্ভরতার কারণে উন্নয়নশীল দেশগুলোর পক্ষে পরিকল্পনা প্রণয়ন প্রায় দুরূহ। এটা কাটাতে হবে।
সভাপতির বক্তব্যে নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে স্বনির্ভর পরিকল্পনা প্রণয়ন। বাংলাদেশে বঙ্গবন্ধু প্রথমেই পাঁচসালা পরিকল্পনা গ্রহণ করেছিলেন। জাতীয় উন্নয়নের জন্য একটি সুনির্দিষ্ট ভিশনের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, এ ক্ষেত্রে তরুণ গবেষকেরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।
নগর গবেষণা কেন্দ্রের স্মৃতিময় নানা অধ্যায় তুলে ধরে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, এটি একটি ব্যতিক্রমী গবেষণা কেন্দ্র। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই কেন্দ্র কাজ শুরু করে। দীর্ঘ সময়ে এই কেন্দ্র সরকারের কোনো অনুদান বা বিদেশ থেকে কোনো সাহায্য নেয়নি। সরকারের কাছ থেকে কাজের বিনিময়ে মাঝেমধ্যে সম্মানী নিয়েছে। তবে এবার কেন্দ্রের নিজস্ব একটি কার্যালয় প্রয়োজন হয়ে পড়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নগর গবেষণা কেন্দ্রের অবৈতনিক সম্পাদক অধ্যাপক নুরুল ইসলাম। অনুষ্ঠানে নগর বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শীতাংশু কুমার পাল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মৌসুমী জহুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের প্রভাষক নাজনীন নাহার সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজা খাতুন ও ছাত্রী নিশাত ফাল্গুনী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সৈয়দা ইসরাত নাজিয়া ও ছাত্রী রোকেয়া আখতার।