রাজধানীতে আয়োজিত ত্রিপাক্ষিক উন্নয়ন সংলাপে বক্তারা বলেছেন, উন্নয়ন পরিকল্পনায় সুবিধাবঞ্চিত, প্রান্তিক জনগোষ্ঠীকে বিশেষভাবে বিবেচনায় নিতে হবে। আর নিজেদের অধিকার আদায়ে মানুষকেও একসঙ্গে কাজ করতে হবে।
রাজধানীর ছায়ানট মিলনায়তনে গতকাল রোববার অ্যাকশনএইডের উদ্যোগে এ উন্নয়ন সংলাপ অনুষ্ঠিত হয়। অ্যাকশনএইডের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ সংলাপে নীতিনির্ধারক, কৃষক, প্রতিবন্ধী, আদিবাসী ও পোশাকশ্রমিক অংশ নেন। সংলাপ সঞ্চালনা করেন অ্যাকশনএইডের এদেশীয় পরিচালক ফারাহ কবির।
জাতীয় পরিকল্পনা ও বাজেট-সম্পর্কিত ককাসের আহ্বায়ক সাংসদ ফজলে হোসেন বাদশা কৃষকদের স্বার্থ রক্ষায় মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়হীনতার কথা বলেন। তিনি বলেন, কখনো কখনো মনে হয় রাষ্ট্র কৃষক নয়, বহুজাতিক কোম্পানিগুলোর স্বার্থ রক্ষা করছে। কৃষিকে বাজার অর্থনীতির হাতে ছেড়ে দেওয়া যাবে না। কৃষকদের জন্য কৃষি আদালত গঠন, ন্যায়পাল করার কথাও বলেন তিনি।
আদিবাসী নেতা সঞ্জীব দ্রং বলেন, ‘নানা জাতি ও ধর্মের সমন্বয়ে রাষ্ট্র টিকে থাকবে, এ বৈচিত্র্যকে আমরা মেনে নিতে পারিনি।’ তিনি বলেন, ‘বিভিন্ন আয়োজনে আমরা আদিবাসী নাচের উপস্থাপনা দেখি। কিন্তু তাঁরা যখন জমি হারায়, আমরা তা উপেক্ষা করি।’ তিনি বলেন, যেভাবে ভূমি দখল হচ্ছে, তাতে কিছুদিন পর বান্দরবান কেরানীগঞ্জে পরিণত হবে।