উন্নয়নের দিক থেকে বাংলাদেশকে এশিয়ার অন্যতম সফল দেশ বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রোরি স্টুয়ার্ট। তিন দিনের বাংলাদেশ সফর শেষে ফিরে যাওয়ার প্রাক্কালে গতকাল মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন।
রোরি স্টুয়ার্ট বলেন, ‘বাংলাদেশ হলো উন্নয়ন সাফল্যের অন্যতম রূপকার। যুক্তরাজ্যের পক্ষ থেকে এমন একটি দেশকে সহযোগিতা দিতে পেরে আমি গর্বিত।’
সফরকালে ঢাকার মিরপুরে একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি পোশাক তৈরির কারখানাসহ যুক্তরাজ্যের সহায়তাপুষ্ট প্রকল্পগুলো পরিদর্শন করেন রোরি স্টুয়ার্ট। এ সময় তিনি যুক্তরাজ্যের দেওয়া সহায়তায় প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষের জীবনে নতুন কী দিচ্ছে, তা বুঝতে চেষ্টা করেন।
সোমবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রোরি স্টুয়ার্ট। তাঁর উদ্ধৃতি দিয়ে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যাপক উন্নয়নের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘উগ্রপন্থীদের সহিংসতা কেবল বাংলাদেশকেই মোকাবিলা করতে হচ্ছে না। উগ্রপন্থা ও সন্ত্রাসবাদ দমনে এবং সহিষ্ণুতা ও স্থিতিশীলতা রক্ষায় আমরা অবশ্যই একসঙ্গে কাজ করব।’