
দেশের সার্বিক উন্নতির জন্য বিজ্ঞান গবেষণার কোনো বিকল্প নেই। তবে সেই বিজ্ঞান গবেষণা হতে হবে মানুষের কল্যাণে। বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে একমাত্র তরুণেরাই উচ্চতর বিজ্ঞানশিক্ষার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের পঞ্চম তলায় বিজ্ঞানচিন্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে এমন কথাই বলেন ম্যাগাজিনটির সম্পাদক, উপদেষ্টামণ্ডলী ও লেখকেরা। বিজ্ঞান নিয়ে নানা কথা, উৎসাহ, কুইজ, গান আর কেক কাটার মধ্য দিয়ে উদ্যাপিত হলো মাসিক সাময়িকী বিজ্ঞানচিন্তার প্রথম জন্মদিন।
জন্মদিনের অনুষ্ঠানে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বেলা তিনটায় শুরু হওয়া এ অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং বিজ্ঞানচিন্তার উপদেষ্টা রেজাউর রহমান বলেন, ‘বিজ্ঞানচিন্তা হলো মুক্তচিন্তা এবং অপবিজ্ঞানের বিরুদ্ধে এটা করা বেশি প্রয়োজন। উন্নতমানের বিজ্ঞানশিক্ষা না পেলে উন্নত জাতি গড়া সম্ভব নয়। তাই বিজ্ঞানশিক্ষার বিকল্প নেই। এর জন্য বিজ্ঞানচিন্তার মতো একটা ম্যাগাজিন খুব বেশি প্রয়োজন; প্রয়োজন এর প্রসারেরও। এই পত্রিকার মাধ্যমে বিজ্ঞানচর্চার পরিধি বাড়বে।’
এরপর মঞ্চে আসেন কথাসাহিত্যিক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। তিনি বলেন, বিজ্ঞানের ছোট্ট ও সামান্য একটি আবিষ্কার হয়তো পৃথিবী বদলে দিতে পারে। বাঁচাতে পারে লাখ লাখ মানুষের জীবন। পৃথিবীর সব সম্পদ নাকি ৫০ জন মানুষের কাছে চলে যাচ্ছে। কেবল বিজ্ঞান এই অর্থনৈতিক বৈষম্য কমাতে পারে।
কুসংস্কারমুক্ত একটি তরুণসমাজ গঠন করতে বিজ্ঞানচিন্তা প্রকাশিত হয় প্রতি মাসের ১৫ তারিখে। বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষ্য নিয়ে এক বছর আগে ১৫ অক্টোবরে বিজ্ঞানচিন্তা যাত্রা শুরু করেছিল। এই যাত্রায় সিটি ব্যাংক শুরু থেকে সহযোগিতা দিয়ে আসছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ফিজিকস অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক খোন্দকার সিদ্দিক-ই রব্বানী অনুষ্ঠানে হারমোনিয়াম বাজিয়ে গান করেন। গানটির সারমর্ম হচ্ছে—বিজ্ঞান হতে হবে মানুষের কল্যাণে, মানুষকে ধ্বংস করার জন্য নয়। এই গানটি ১৯৭৮ সালে লেখা। এরপর তিনি বক্তব্যে বলেন, এই উপমহাদেশসহ বেশির ভাগ দেশে বিজ্ঞান ও প্রযুক্তিকে আলাদা করে ফেলা হয়েছে। পাশ্চাত্যে কিন্তু এই বিভাজন হয়নি। ফলে তাঁরা প্রযুক্তি ও বিজ্ঞানের সমন্বয়ে অনেক উদ্ভাবন করেছে। তিনি মনে করেন, বিজ্ঞান মানুষের জন্য হওয়া উচিত।
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বলেন, বিজ্ঞানের মৌলিক জায়গাগুলোতে গবেষণা একদম কমে এসেছে। ফলিত বিষয়গুলোতে গবেষণা বাড়ছে। মৌলিক গবেষণাটা বাড়ানো জরুরি।
এরপর অনুষ্ঠানে কবির বকুলের লেখা ও গায়ক মুনের গাওয়া বিজ্ঞানচিন্তার মূল ভাবনা নিয়ে গান (থিম সং) পরিবেশন করা হয়।
এরপর আসরে বিজ্ঞানচিন্তার গত এক বছরের যাত্রা নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানে বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘আমাদের স্বপ্ন জাতীয়ভাবে একটি বিজ্ঞান দিবস হিসেবে পালন করার। এটা পালনের অর্থ এই দিনটিকে আমরা বিভিন্নভাবে বিজ্ঞানের প্রয়োজনীয়তা, বিজ্ঞানমনস্কতা, বিভিন্ন কার্যক্রম প্রচার করে সবার মধ্যে যদি নিয়ে যেতে পারি, তাহলে একটি বিজ্ঞান প্রজন্ম গড়ে উঠবে। সেই প্রজন্ম আমাদের অনেক দূর এগিয়ে নেবে।’
কুইজ পর্বে বিজ্ঞানচিন্তার প্রকাশিত সংখ্যা থেকে মজার মজার সব প্রশ্নের উত্তরে ১৫ জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। এ পর্যন্ত ১৩টি বিজ্ঞানচিন্তা প্রকাশিত হয়েছে—এই উত্তর দিয়ে পুরস্কার জেতে অরণি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অরিত্র মৃধা।
চমক পর্বে বিজ্ঞানচিন্তার প্রথম সংখ্যাটির একটি কপি নিলামে তোলা হয়। এই সংখ্যাটি বাজারে অনেক আগেই ফুরিয়ে গেছে। শিক্ষার্থী ও অতিথিদের দরদামে মাত্র ৫০ টাকা দামের বিজ্ঞানচিন্তার এই সংখ্যাটির দাম ওঠে ৫০০ টাকা। পরে অন্য রকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান এটি কিনে নেন। তাঁকে চমক দিয়ে বিজ্ঞানচিন্তার সংখ্যাটি বিনা মূল্যেই দেওয়া হয়। সবশেষে কেক কেটে জন্মদিন উদ্যাপন শেষ হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক জেবা ইসলাম সিরাজ, সিটি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাজমুল করিম চৌধুরী, বিজ্ঞানচিন্তা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, বিজ্ঞানবক্তা আসিফ, সময় প্রকাশনের কর্ণধার ফরিদ আহমেদ প্রমুখ বক্তব্য দেন।