নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আসন্ন ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট গণমুখী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জের বিশিষ্টজনেরা। তাঁরা সিটি করপোরেশনের বাজেটে উন্নয়নে বেশি বরাদ্দ রাখার পাশাপাশি রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়ন, পয়োনিষ্কাশন-ব্যবস্থা ও জলাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় বরাদ্দ রাখার দাবি জানান।নারায়ণগঞ্জ ক্লাবের কনফারেন্স কক্ষে অনলাইন নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ ডটকমের উদ্যোগে গত মঙ্গলবার রাতে ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০১৩-১৪ অর্থবছরে কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব দাবি জানান। আলোচনায় বক্তারা নগরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে জলাবদ্ধতা, পয়োনিষ্কাশন-ব্যবস্থার সুষ্ঠু ব্যবস্থাপনা ও উন্নতিকরণ, শহরের যানজট নিরসন, ফুটপাত হকারমুক্তকরণ, বিনোদনের জন্য পার্ক স্থাপন করা, পাড়া-মহল্লার রাস্তা প্রশস্তকরণ, সিটি করপোরেশনের আওতাধীন পতিত জমি উদ্ধার করে তা উন্নয়নকাজে লাগানো, শহরে অবৈধ রিকশার প্রবেশ নিষিদ্ধ করা, নারী শ্রমিকদের জন্য হাসপাতালের ব্যবস্থা করা, শীতলক্ষ্যার পানি দূষণমুক্ত করা, যেসব স্থানে ওয়াসার পানির লাইন পৌঁছায়নি সেখানে ব্যবস্থা করা, চাষাঢ়া শহীদ মিনারে প্রহরী নিয়োগ দেওয়া এবং রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে নারায়ণগঞ্জে নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম নেতা রফিউর রাব্বি বলেন, সিটি করপোরেশনকেই জলাবদ্ধতা নিরসন করতে হবে। নারায়ণগঞ্জে অভ্যন্তরীণ কন্টেইনার পোর্ট নির্মাণ করা হলে যোগাযোগব্যবস্থায় চাপ পড়তে পারে।নগর বিএনপির যুগ্ম সম্পাদক ও সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাশেম বলেন, সিটি করপোরেশনের প্রথম বাজেটের ৩১৫ কোটি টাকার তিন ভাগের মাত্র এক ভাগ ব্যয় হয়েছে। বাকি দুই ভাগ ব্যয় না হওয়ার জন্য সিদ্ধিরগঞ্জ ও বন্দরের কাউন্সিলররা দায়ী। সিটি করপোরেশনের অর্গানোগ্রাম (সাংগঠনিক কাঠামো) না হওয়ায় অনেক উন্নয়ন বিঘ্নিত হচ্ছে।নিউজ নারায়ণগঞ্জ ডটকমের প্রধান সম্পাদক শাহজাহান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহাবুবুর রহমান ইসমাইল, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু, উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সভাপতি জাহিদুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, সাংবাদিক আবু সাউদ মাসুদ, নাফিজ আশরাফ, মজিবুল হক ও হাবিবুর রহমান, আইনজীবী জাকির হোসেন প্রমুখ।