উন্নয়নে স্বস্তি, যানজটে নাকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে প্রায় দেড় বছর হলো। এই সময়ে রাজধানীর অনেক স্থানেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। আবার কোথাও এখনো কোনো কাজই হয়নি। নির্বাচিত কাউন্সিলররাই বা কী করছেন? আবার নতুন করে যেসব এলাকা অন্তর্ভুক্ত হয়েছে, সেসব এলাকায় হাতই দেয়নি দুটি করপোরেশন। এ নিয়ে ভোটারদের মধ্যে আছে নানা ক্ষোভ-আক্ষেপ। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে নিয়মিত প্রকাশিত হবে ওয়ার্ডের চালচিত্র

উত্তরা মডেল টাউনের ১৪টি সেক্টর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের আওতাধীন। গত বছরের এপ্রিলে সিটি করপোরেশন নির্বাচনের আগে উত্তরার অন্যতম সমস্যা ছিল সেক্টরের ভেতরকার ভাঙাচোরা রাস্তাঘাট। রাস্তা সংস্কার হলেও উত্তরাবাসীর ভোগান্তি কমেনি। দিনের বেশ কিছু সময় যানজটে কাটাতে হচ্ছে উত্তরাবাসীকে।

শহর থেকে একটু দূরে নিরিবিলি পরিবেশে আদর্শ জীবনযাপনের জন্য উত্তরা মডেল টাউন (উপশহর) গড়ে তোলার পরিকল্পনা করা হয় ১৯৭০-এর দশকে। কমপক্ষে ১০ লাখ মানুষ সব রকম নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে এমন পরিকল্পনা করেই উত্তরায় ১৪টি সেক্টর নির্মাণ করা হয়। সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচনে উত্তরা এলাকায় ভোটার ছিলেন ৬৩ হাজারের বেশি। উত্তরায় বসবাস করেন কয়েক লাখ মানুষ।
২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের আগে উত্তরার ১৪টি সেক্টরের প্রায় প্রতিটির ভেতরের রাস্তাঘাট ভাঙাচোরা ও খানাখন্দে ভরা ছিল। এসব রাস্তায় ঝাঁকুনি খেতে খেতে যানবাহন চলাচল করত। গত দেড় বছরে রাস্তাঘাটের পরিস্থিতি অনেকটাই ভালো হয়েছে।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে ৬৮ কোটি টাকা ব্যয়ে উত্তরার বিভিন্ন সেক্টরের ৫২টি সড়ক সংস্কার করেছে ডিএনসিসি। এ সময় প্রায় ২৩ কিলোমিটার সড়ক, ১৫ কিলোমিটার ফুটপাত ও ২৭ কিলোমিটার পানিনিষ্কাশন নালা সংস্কার করা হয়।
তবে সড়ক উন্নয়নের জন্য কয়েক শ গাছ কাটে ডিএনসিসি কর্তৃপক্ষ। গাছ কাটা নিয়ে ক্ষোভ দেখা দেয় উত্তরার বিভিন্ন সেক্টেরের বাসিন্দাদের মধ্যে। আগের চেয়ে প্রশস্ত করে ওই সড়কগুলো ডিএনসিসি কর্তৃপক্ষ সংস্কার করায় বাসিন্দাদের ক্ষোভ অনেকটাই কমেছে।
উত্তরা ৬ নম্বর সেক্টরের সভাপতি মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাস্তাগুলো আগের চেয়ে ভালো হওয়ায় বাসিন্দারা খুশি। নাগরিকেরা যেমন আশা করে, সেভাবে কাজ হলে সবাই সন্তুষ্ট হয়। সিটি করপোরেশন রাস্তাগুলোয় সবুজায়ন করতে গাছ লাগানোর চেষ্টা করছে।