উন্নয়নের গতি বাড়াতে পিপিপির সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তাঁর কার্যালয়ে অসুস্থ অভিনেতা ফরিদ আলীর পরিবারের সদস্যদের হাতে অনুদানের ২৫ লাখ টাকার চেক তুলে দেন l ছবি: বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তাঁর কার্যালয়ে অসুস্থ অভিনেতা ফরিদ আলীর পরিবারের সদস্যদের হাতে অনুদানের ২৫ লাখ টাকার চেক তুলে দেন l ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশের উন্নয়নের গতি আরও বাড়াতে চায়। তবে তা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রী ও পিপিপি বোর্ড অব গভর্ন্যান্সের সভাপতি শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে বোর্ডের প্রথম সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন। খবর বাসসের।
সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, সভায় বিগত কয়েক বছরের পিপিপি কার্যক্রমের বাস্তবায়ন ও অগ্রগতি তুলে ধরা হয়।
সভায় প্রধানমন্ত্রী বলেন, পিপিপির ধারণা মাথায় রেখে অগ্রগতি থেকে আরও সুফল পেতে হলে দেশের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে। এ প্রসঙ্গে তিনি দক্ষিণ কোরিয়ার দৃষ্টান্ত উল্লেখ করে বলেন, সেখানে সরকারের পাশাপাশি বেসরকারি খাতও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সভায় জানানো হয়, পিপিপি পাইপলাইনে বিভিন্ন খাতের ৪৩টি প্রকল্প রয়েছে। এসব প্রকল্পে সম্ভাব্য ১৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আসবে। এ ছাড়া, পিপিপি প্রকল্পগুলোর উন্নয়ন, বেসরকারি অংশীদার নির্বাচন ও চূড়ান্ত চুক্তি স্বাক্ষর এবং সামগ্রিক বিনিয়োগের সম্ভাব্য পরিমাণ ও সময় সম্পর্কে সভায় জানানো হয়।

প্রেস সচিব বলেন, সভায় সংশ্লিষ্ট আইন মোতাবেক বোর্ডের চেয়ারপারসন হিসেবে প্রধানমন্ত্রী পলিসি ইস্যু এবং পিপিপি কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব প্রকল্প বাস্তবায়নে বাধা নিরসনের বিষয় তদারক করবেন। পিপিপির প্রধান নির্বাহী কর্মকর্তার হাতে থাকবে বাস্তবায়ন কার্যক্রম।

সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, রেলপথমন্ত্রী মুজিবুল হক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত পারস্পরিক সম্পর্ক জোরদার করতে ‘আন্তরাষ্ট্রীয় কমিশন’ গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে তাঁর সঙ্গে বিদায়ী সাক্ষাতের সময় রাষ্ট্রদূত এ কথা বলেন।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিং করেন।

রাষ্ট্রদূত বলেন, রাশিয়া বাংলাদেশের যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার জন্য প্রস্তুত। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে অমিত সম্ভাবনা রয়েছে।

বৈঠকের শুরুতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এবং পরে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে রাশিয়ার ভূমিকা শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

ফরিদ আলীকে অনুদান: চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা ও অভিনেতা ফরিদ আলীর পরিবারকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দুপুরে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে ফরিদ আলীর স্ত্রী মনোয়ারা বেগম ও পরিবারের অন্য সদস্যদের কাছে অনুদানের চেকটি হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী অনুদানের টাকা দিয়ে ফরিদ আলীর জন্য প্রয়োজনীয় ওষুধ ও খাবার কিনতে স্বজনদের নির্দেশনা দেন। এ সময় তাঁর শারীরিক অবস্থারও খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী।