উন্নয়নের চাপে খাল সব নালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মান্ডার খাল রক্ষার জন্য ঢাকা ওয়াসার আহ্বান শোনেনি কেউ। দিনে দিনে খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে l ছবি: অধ্যাপক মুজিবর রহমানের সৌজন্যে
মান্ডার খাল রক্ষার জন্য ঢাকা ওয়াসার আহ্বান শোনেনি কেউ। দিনে দিনে খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে l ছবি: অধ্যাপক মুজিবর রহমানের সৌজন্যে

‘উন্নয়নের’ নামে রাজধানীর খালগুলোকে সরু নালায় পরিণত করেছে ঢাকা ওয়াসা। বিশ্বব্যাংকের অর্থায়নে একটি প্রকল্পের আওতায় ১২টি খাল পুনরুদ্ধার ও উন্নয়ন করছে সংস্থাটি। চার বছরে এ কাজে ৭০ কোটি টাকা ব্যয় হলেও খাল উদ্ধার ও উন্নয়ন হয়নি। উল্টো খালে অবৈধ স্থাপনা বেড়েছে। প্রকল্পটির আওতায় খালের দুই পাড় কংক্রিট দিয়ে বেঁধে দেওয়ার কাজ প্রায় শেষ। এর ফলে জলাবদ্ধতা বেড়েছে।
রাজধানীর চারটি খাল ঘুরে দেখা গেছে, খালগুলো মূল আয়তনের চেয়ে আরও সরু করে ফেলা হয়েছে। স্থানীয় লোকজন বলছেন, বেশির ভাগ এলাকায় খালগুলোর দুই পাড়ের অবৈধ স্থাপনা রয়ে গেছে। কিছু স্থানে উচ্ছেদ অভিযান হলেও সপ্তাহ ঘুরতেই অবস্থা আগের মতোই হয়ে যায়। ফলে বৃষ্টি বেশি হলে খাল উপচে পানি আবাসিক এলাকায় ঢুকে পড়ছে। আবার কংক্রিটের দেয়াল দেওয়ায় বৃষ্টির পানি খালে গড়িয়ে পড়তেও পারছে না। খালপাড়ের বাসিন্দারা জলাবদ্ধতার মুখে পড়ছেন।
জানা গেছে, রাজধানীতে ২০-২৫ বছর আগেও প্রায় ৫০টি খাল ছিল। এখন ঢাকা ওয়াসার কাগজে আছে ২৬টি। আর কথিত উন্নয়নের তালিকায় আছে ১২টি।
রাজধানীর খালগুলো নিয়ে করা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক গবেষণাতেও এমন চিত্র পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে করা ওই গবেষণায় ঢাকা ওয়াসার খালের প্রস্থ সংকুচিত করে পাড় কংক্রিট দিয়ে বাঁধাই করার সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে, খালগুলোর প্রস্থ অনেক কমিয়ে পাড় বাঁধাই করা হচ্ছে।
এ বিষয়ে বুয়েটের অধ্যাপক মুজিবুর রহমান রাজধানীর খালগুলো নিয়ে করা তাঁর একটি চলমান গবেষণার আলোকে বলেন, ওই প্রকল্পের আওতায় জিরানী ও বাসাবো খালের প্রস্থ বড়জোর ৬ থেকে ৬ মিটারে নামিয়ে আনা হয়েছে। এগুলোর প্রস্থ অন্তত ২০ থেকে ৩০ মিটার হওয়ার কথা। ঢাকার জলাবদ্ধতা দূর করতে হলে ওয়াসা খাল পুনরুদ্ধারের নামে যা করছে, তা দ্রুত বন্ধ করা উচিত। তিনি বলেন, একটি খালের আয়তন বর্ষাকালে কত থাকে, অতিবৃষ্টির সময় খালের প্রস্থ কত থাকে—এসব কিছু বিবেচনা করে এর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ধারণ করতে হবে। তারপর কী উন্নয়ন করা হবে, তা ঠিক করে কাজ শুরু করতে হবে।

ফিরে এসেছে দেব ধোলাইখালের দুই পাশের অবৈধ স্থাপনা ছবি: প্রথম আলো
ফিরে এসেছে দেব ধোলাইখালের দুই পাশের অবৈধ স্থাপনা ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, খালগুলোর দুই পারের অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে হবে। তবে যদি দখলমুক্ত করা না-ও যায়, তাহলে খালের গভীরতা বাড়িয়ে এর পানি ধারণক্ষমতা বাড়াতে হবে। খালগুলো যাতে আবারও দখল না হয়, সে জন্য সার্বক্ষণিক তদারক করতে হবে।
কানাডার ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের গবেষক আসিফ ইশতিয়াক, মালিক সেজান ও মাহমুদুল হাসান রাফি ঢাকা শহরের ১৩টি খালের দখল ও দূষণ নিয়ে একটি গবেষণা প্রতিবেদন জিওস্কেপ নামের একটি জার্নালে প্রকাশ করেন। এতে তাঁরা দেখিয়েছেন, বেশির ভাগ খালই মৃত প্রবাহের জলাভূমিতে পরিণত হয়েছে এবং তা নগরের ময়লা ফেলার স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে।
জানতে চাইলে ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্পের পরিচালক আ ফ ম আবদুল আজিজ বলেন, তাঁরা খালের মূল সীমানা বজায় রেখেই পুনরুদ্ধার ও উন্নয়ন করেছেন। খালগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব একা ওয়াসার নয়। এ মন্তব্য করে তিনি বলেন, যেসব নাগরিক খালে ময়লা ফেলে পানিপ্রবাহ বন্ধ করে দিচ্ছেন, দায়িত্ব তাঁদেরও রয়েছে।
মিরপুর কালশী সড়কের পাশ থেকে শুরু হয়ে বাইশটেকি খালটি সবুজ বাংলা আবাসিক এলাকা দিয়ে মিরপুর ১৩ নম্বরে এসে মিশেছে। খালের শুরু থেকে শেষ মাথা পর্যন্ত গিয়ে দেখা গেল, হরেক রকমের আবর্জনার স্তূপ। সাংবাদিক কলোনির শেষ মাথায় আবর্জনার স্তূপে মরা মুরগি পড়ে থাকতে দেখা গেল।
খালের পাশের বাসিন্দা মাজেদা বেগম জানান, গত দুই মাসে বৃষ্টির দিনগুলোতে খাল উপচে ময়লা পানি তাঁদের ঘর পর্যন্ত চলে আসে। ফলে ঘরে প্রায় সবারই চর্মরোগ ও জ্বরজারি লেগে আছে।

ময়লার স্তূপে পরিণত হয়েছে সেগুনবাগিচা খালের মানিকনগর অংশ l ছবি: প্রথম আলো
ময়লার স্তূপে পরিণত হয়েছে সেগুনবাগিচা খালের মানিকনগর অংশ l ছবি: প্রথম আলো

খালটির মাঝখানে আবার একটি বক্স কালভার্ট ও একটি সড়ক নির্মাণ করা হয়েছে। কালভার্টের পর আবারও শুরু হওয়া খালের মাথায় বাঁশের মাচার মতো বানিয়ে একটি দোকান গড়ে তোলা হয়েছে। দুই পাশে বসতবাড়ি তো রয়েছেই। দোকানের নাম সাইন আর্ট। দোকানদার ইমরান হোসেন জানালেন, বৃষ্টি হলে দোকান বন্ধ রাখেন।
কল্যাণপুর খালের উন্নয়ন হওয়া এলাকায় গিয়ে একই চিত্র দেখা গেল। তবে এখানকার অবস্থা বাইশটেকি খালের চেয়ে কিছুটা ভালো। বিশ্বব্যাংকের প্রকল্পের আওতায় খালের দুই পাড় বেঁধে দেওয়া হয়েছে। খালের মধ্যে কালো ময়লা পানির স্রোতে নানা ময়লা-আবর্জনা ভেসে যেতে দেখা গেল। আশপাশের বাসিন্দারা জানালেন, খালটির দুই পাশে উন্নয়ন হলেও পানি কালো ও দুর্গন্ধময় হয়ে উঠছে। মশা ও দুর্গন্ধের কারণে বাসায় টেকা কঠিন হয়ে পড়েছে।
ঢাকার খাল পুনরুদ্ধার ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে নেওয়া ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্পের মাধ্যমে ১২টি খাল পুনরুদ্ধারের জন্য ২০০৮ সালে প্রকল্পটি নেওয়া হয়। প্রতিটি খালের প্রস্থ ৮ থেকে ২৫ মিটার পর্যন্ত নির্ধারণ করে কোথাও পাড় বাঁধাই, কোথাও দুই পাশে কংক্রিটের দেয়ালের মতো সীমানা নির্ধারণ করে দেওয়া হয়।
এর মধ্যে প্রায় দেড় কিলোমিটার লম্বা খিলগাঁও ও বাসাবো খালের প্রস্থ নির্ধারণ করা হয়েছে সাড়ে নয় মিটার। খালটির দুই পাশের সীমানাপ্রাচীরের পাশেও পানির প্রবাহ দেখা গেছে। প্রায় চার কিলোমিটার লম্বা জিরানী খালের প্রস্থ কাগজে-কলমে আট মিটার। কিন্তু অধ্যাপক মুজিবর রহমানের মতে, ওই দুটি খালের প্রস্থ কমপক্ষে ২০ থেকে ৩০ মিটার ছিল।