উন্নয়নের জন্য গণতন্ত্রের বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এফডিসি মিলনায়তনে বিতর্ক অনুষ্ঠানে সুলতানা কামালের সঙ্গে অংশগ্রহণকারীরা
এফডিসি মিলনায়তনে বিতর্ক অনুষ্ঠানে সুলতানা কামালের সঙ্গে অংশগ্রহণকারীরা

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, উন্নয়নের জন্য গণতন্ত্রের বিকল্প নেই এবং উন্নয়ন হতে হবে গণতান্ত্রিক কাঠামোতে।
আজ শনিবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) মিলনায়তনে এক বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল এসব কথা বলেন।
‘টেকসই উন্নয়নের স্বার্থে সীমিত গণতন্ত্র গ্রহণযোগ্য হবে কি না’ শীর্ষক ছায়া সংসদীয় বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
আয়োজকেরা বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতায় সরকারের কয়েকজন মন্ত্রী টেকসই উন্নয়নের স্বার্থে সীমিত গণতন্ত্রের পক্ষে যুক্তি দিয়ে আসছেন। অন্যদিকে কিছু রাজনৈতিক দল উন্নয়নের স্বার্থে অংশগ্রহণমূলক গণতন্ত্রের কথা বলছে। এই বাস্তবতায় ডিবেট ফর ডেমোক্রেসি এই ছায়া সংসদের আয়োজন করে।
প্রধান অতিথি সুলতানা কামাল বলেন, গণতন্ত্র না থাকলে উন্নয়ন সীমিত হয়ে যায়। গণতন্ত্র যত সীমিত হবে, উন্নয়নও তত সীমিত হতে থাকবে। উন্নয়নকে টেকসই করতে হলে জনগণের বাক স্বাধীনতা, ব্যক্তি নিরাপত্তা, ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
সুলতানা কামাল আরও বলেন, যে সব রাজনৈতিক দল নীতিগতভাবে গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা ক্ষমতায় এলে গণতান্ত্রিক সংকটের সৃষ্টি হয়। আবার যারা নীতিগতভাবে গণতন্ত্রে বিশ্বাস করে কিন্তু গণতান্ত্রিক আচরণ করে না এবং জনমতকে উপেক্ষা করে তাদের হাতেও গণতন্ত্রের সুরক্ষা হয় না।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে প্রতিযোগিতার বিচারক ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সূচিতা শারমিন ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ এস এম মোর্শেদ।
ছায়া সংসদীয় বিতর্কে সরকারি দল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিকে পরাজিত করে বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জয়ী হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী বিতার্কিকদের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন সুলতানা কামাল।