দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজন, এর সার্বিক অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা। এ ক্ষেত্রে পরিসংখ্যানই সঠিক ধারণাটি দিতে সক্ষম। এর সঠিক প্রয়োগের মাধ্যমেই সম্ভব উন্নয়ন নিশ্চিত করা।গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘পরিসংখ্যানের তত্ত্ব ও প্রয়োগ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। পরিসংখ্যান বিভাগের ৬০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি স্ট্যাটিস্টিকস ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুসডা) তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করছে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিতে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্যও এর ব্যবহার অত্যাবশ্যক। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এ সম্মেলনের মাধ্যমে পরিসংখ্যানের জ্ঞান, তত্ত্ব ও প্রয়োগ বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।ডুসডার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সালেহ আহমেদ বলেন, পরিসংখ্যানবিদদের সঠিকভাবে কাজে না লাগানোয় এর প্রসার হচ্ছে না। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সম্মেলনের আহ্বায়ক কমিটির চেয়ারম্যান অধ্যাপক এম আতাহারুল ইসলাম, আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক মীর মাসুম আলী প্রমুখ।সম্মেলনে বাংলাদেশসহ মোট নয়টি দেশের ২২০ জন পরিসংখ্যানবিদ তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। অন্যান্য দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ভারত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সৌদি আরব ও কুয়েত।