উন্নয়নের জন্য প্রয়োজন স্থিতিশীলতা ও গণতন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশের উন্নয়নে ও মানুষের অর্থনৈতিক কল্যাণের জন্য প্রয়োজন শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র। আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা সুখী, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।’
গতকাল শনিবার বিকেলে নীলফামারীর কচুকাটা ইউনিয়নে এক জনসভায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এসব কথা বলেন। এর আগে তিনি ওই ইউনিয়নের বাজিতপাড়া গ্রামে চাড়ালকাটা নদীর ওপর সেতুর নির্মাণকাজের ভিত্তিফলক উন্মোচন করেন।
আসাদুজ্জামান নূর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়নের রাজনীতি চলছে, এরই ধারাবাহিকতায় এই সেতুর কাজ শুরু হলো। এ সেতুর নির্মাণকাজ সম্পন্ন হলে শুধু যোগাযোগ নয়, এলাকার অর্থনীতিতেও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে।
মন্ত্রী আরও বলেন, ‘একটি বিশেষ শক্তি দেশে স্থিতিশীলতা নষ্ট করার অপপ্রয়াসে লিপ্ত। ১৯৭১ সালে তারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, এখন তারা স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা এখন যুদ্ধাপরাধীদের বিচারের রায় ভন্ডুল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। পরিতাপের বিষয়, গণতন্ত্রের কথা বলে একটি বৃহৎ রাজনৈতিক দলও তাদের সঙ্গে জোট বেঁধেছে।’
জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী হক মাহমুদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন, সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায় প্রমুখ।
সদর উপজেলা প্রকৌশলী মতিয়ার রহমান জানান, এলজিইডির তত্ত্বাবধানে পাঁচ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১২০ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণ করা হচ্ছে। ২০১৬ সালের অক্টোবর মাসে এ সেতুর নির্মাণকাজ শেষ হবে। সেতুর নির্মাণকাজ শেষ হলে এই পথে কিশোরগঞ্জ উপজেলা সদরের সঙ্গে নীলফামারী জেলা সদরের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার কমে আসবে। এ ছাড়া এই পথে নীলফামারীর মানুষ সৈয়দপুর বাইপাস হয়ে রংপুর যাওয়া-আসা করতে পারবে। এতে দূরত্বও অনেক কমে যাবে।