উন্নয়নের জন্য যা চেয়েছি তা পেয়েছি: আবদুচ ছালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুচ ছালাম
আবদুচ ছালাম

প্রথম আলো: একজন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং সিডিএর চেয়ারম্যান—কোন পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন?
চেয়ারম্যান: রাজনীতি করি বলেই চট্টগ্রামের উন্নয়ন করতে পেরেছি। এই পরিচয়ে আমি গর্ববোধ করি। তবে সিডিএর চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে দলীয় বিষয়টি মাথায় রাখিনি।
প্রথম আলো: আপনি আওয়ামী লীগের মহানগর শাখার কোষাধ্যক্ষ এবং নিজ ব্যবসায়ী গ্রুপের (ওয়েল) চেয়ারম্যান। সরকাির কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৭৭৯ অনুযায়ী আপনি এই দুটি পদে থেকে আইন লঙ্ঘন করছেন কি না?
চেয়ারম্যান: আমার দলীয় পদ চট্টগ্রামবাসীর স্বার্থে ব্যবহার করছি। সিডিএর চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে গত পাঁচ বছর দলীয় পদে থাকলেও আমি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। আর ব্যবসায়ী গ্রুপের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছি। তাই আমি আইন লঙ্ঘন করিনি।
প্রথম আলো: সিডিএর অধ্যাদেশ অনুযায়ী চেয়ারম্যান পাঁচ বছরের বেশি দায়িত্ব পালন করতে পারেন না। আপনি ষষ্ঠ বছরের জন্য নিয়োগ পাওয়ায় সেই অধ্যাদেশ লঙ্ঘন হয়েছে কি না?
চেয়ারম্যান: আমি মনে করি, আইন মেনেই সরকার নিয়োগ দিয়েছে।
প্রথম আলো: রাজনৈতিক কারণেই কি আপনি এতগুলো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে পারছেন?
চেয়ারম্যান: সিডিএ তুলনামূলক কম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বলে পরিচিত ছিল। এখানে কর্মরত সামরিক ও বেসামরিক আমলাদের নানা সীমাবদ্ধতা ছিল। ২০০৯ সালে জাতীয় নির্বাচনের আগে চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এরপর চেয়ারম্যান হিসেবে আমাকে দায়িত্ব দেন। প্রথম দুই বছর অনুমোদনের জন্য ৩৫টি প্রকল্প পাঠিয়েছিলাম। সরকার সব কটি অনুমোদন করেছে। প্রশ্ন উঠেছিল, এতগুলো কাজ শেষ করতে পারব কি না। তবে সব কাজ সম্পন্ন হয়েছে।
প্রথম আলো: কয়টি প্রকল্পের কাজ করেছেন, বাকি কয়টি?
চেয়ারম্যান: অনুমোদন পাওয়া ৩৫টি প্রকল্পের মধ্যে গত পাঁচ বছরে দুই হাজার কোটি টাকার ৩১টি প্রকল্পের কাজ শেষ হয়েছে বা হওয়ার পথে। নগরের কদমতলী উড়ালসড়কের নির্মাণকাজ চলছে। এ বছরের শেষ দিকে দুই হাজার ৪০০ কোটি টাকার আরও তিনটি বড় প্রকল্পের কাজ শুরু হবে।
প্রথম আলো: প্রকল্পের কাজ শেষ করার আগেই প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করালেন কেন?
চেয়ারম্যান: প্রধানমন্ত্রীর হাত ধরেই উন্নয়নকাজ শুরু করেছিলাম। তাই তাঁর হাত দিয়েই এসব প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
প্রথম আলো: সিটি করপোরেশন সরকারের কাছ থেকে চার বছরে ৩১৩ কোটি টাকা পেয়েছে, সিডিএ পেল চার হাজার ৪০০ কোটি টাকা। ব্যবধানটা কি চোখে পড়ার মতো নয়?
চেয়ারম্যান: সিটি করপোরেশন কী করতে পারছে বা পারেনি, সেটি আমার দেখার বিষয় নয়। আমি কাজ করার সুযোগ পেয়েছি এবং করে যাচ্ছি। কারও বিরুদ্ধে আমি কিছু বলতে চাই না।
প্রথম আলো: কিছু প্রকল্প, বিশেষ করে উড়ালসড়ক নিয়ে নগর বিশেষজ্ঞদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে৷ এগুলোর প্রয়োজন ছিল কি?
চেয়ারম্যান: ১৯৯৫ সালে প্রণীত মহাপরিকল্পনা অনুযায়ী সব কাজ করা হয়েছে।
প্রথম আলো: আবারও একই প্রসঙ্গ এসে যায়। মহাপরিকল্পনায় জলাবদ্ধতা নিরসনের গুরুত্বপূর্ণ প্রকল্পটি কেন বাস্তবায়িত হচ্ছে না, এর সঙ্গে সিটি করপোরেশন আছে এ জন্য?
চেয়ারম্যান: এর জবাব আমি দিতে পারব না৷ সংশ্লিষ্ট ব্যক্তিরাই বলতে পারবেন।
প্রথম আলো: সিডিএর বিরুদ্ধে অনেক ক্ষেত্রে এখতিয়ারবহির্ভূত কাজ করার অভিযোগ উঠেছে। এমনকি সিটি করপোরেশনের অনুমতি ছাড়াই বিভিন্ন রাস্তার সংস্কার ও সম্প্রসারণের কাজ করা হচ্ছে।
চেয়ারম্যান: আগে সিডিএর কাজ সীমাবদ্ধ ছিল ভবনের নকশা অনুমোদন, আবাসন প্রকল্প ও বিপণিবিতান নির্মাণের মধ্যে। সেই ধারণা বদলে গেছে। নগরের সব সড়কের মালিক এখন দলিলমূলে সিডিএ। তাই সিডিএ সড়কগুলোর কাজ শেষ করে তা রক্ষণাবেক্ষণের জন্য সিটি করপোরেশনকে বুঝিয়ে দেয়।
উন্নয়ন নিয়ে সিডিএর সঙ্গে সব কটি সেবা সংস্থার সমন্বয় ছিল এবং আছে। সিটি করপোরেশন, ওয়াসা, নগর পুলিশ, গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড, পিডিবিসহ সব সেবা সংস্থাই আমাদের সহযোগিতা করেছে।
প্রথম আলো: সিটি করপোরেশনের আয়বর্ধক প্রকল্পগুলো কেন বন্ধ করে দিচ্ছে সিডিএ?
চেয়ারম্যান: সিটি করপোরেশনের কোনো প্রকল্প সিডিএ বন্ধ করে দেয়নি। তাদের লেকসিটি আবাসন প্রকল্পের কাজ গত তত্ত্বাবধায়ক সরকার পাহাড় কাটার দায়ে বন্ধ করে দিয়েছিল। এরপর শর্ত সাপেক্ষে তাদের পুনরায় কাজ শুরু করতে বলা হয়। কিন্তু শর্ত ভঙ্গ করে পাহাড় কেটে উন্নয়ন করছে মর্মে পত্রিকায় খবর এসেছে। তাই তাদের শর্ত পালন করে কাজ করতে বলা হয়েছে। আর নগরের বহদ্দারহাটে নালার ওপর বিপণিবিতানের নির্মাণকাজ আদালতের নির্দেশে বন্ধ আছে।
প্রথম আলো: সম্প্রতি অনন্যা আবাসিক এলাকায় প্লট বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।
চেয়ারম্যান: এই বরাদ্দে কোনো অনিয়ম হয়নি। সিডিএর প্রতিটি আবাসন প্রকল্পে ৭ শতাংশ প্লট বিশেষ বরাদ্দ রাখা হয়। এই বরাদ্দ বোর্ড সংরক্ষণ করে। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় এই বিশেষ প্লট বরাদ্দ দেওয়া হয়নি। এতে অডিট আপত্তি ওঠে। এরপর মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়।