উন্নয়নের জন্য সরকার-এনজিও একসঙ্গে কাজ করে যেতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জন্মলগ্ন থেকেই সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) একসঙ্গে কাজ করছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও সরকার ও এনজিও খাতকে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে।রাজধানীর বিয়াম মিলনায়নে ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এনজিওর ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেছেন। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এনজিও-বিষয়ক ব্যুরো গতকাল রোববার এই সভার আয়োজন করে।অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, মুক্তিযুদ্ধের সময় থেকে এখন পর্যন্ত সরকার ও এনজিওর মধ্যে যে ইতিবাচক সম্পর্ক গড়ে উঠেছে, উন্নয়নের জন্য তা কাজে লাগাতে হবে। বিগত কয়েক দশকে শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে দেশে যে ব্যাপক উন্নয়ন হয়েছে, সেই ধারা অব্যাহত রাখতে হবে।দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনাগুলো সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, নারী ও শিশুদের ওপর আক্রমণের ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া দমন করা সম্ভব হবে না। এ ছাড়া সামাজিক দুর্বৃত্তায়ন বেড়ে গেছে। এই দুর্বৃত্তায়ন রুখতে সরকার-এনজিওকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, এনজিওগুলোকে নিজেদের স্বচ্ছতা ও জবাবদিহি তৈরি করতে হবে। একটি এনজিওর বিরুদ্ধেও প্রশ্ন থাকলে তার কালো ছায়া সবার ওপর পড়বে। সরকার এনজিওগুলো তদারক করুক। তবে সেই প্রক্রিয়াও স্বচ্ছ হতে হবে।সাবেক আরেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় পুষ্টি ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মতো গুরুত্বপূর্ণ অনেক বিষয়ের উল্লেখ নেই। নীতিনির্ধারণের সময় সবার কথা ভাবতে হবে। নানা প্রতিকূলতার মধ্যেও দেশের অনেক অগ্রগতি আছে উল্লেখ করে তিনি বলেন, এই উন্নয়নে এনজিওগুলোর ভূমিকা অনেক।প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের পাশাপাশি এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এনজিও খাতকে এগিয়ে নিতে সবার সঙ্গে আলোচনা করে একটি নতুন আইন তৈরির কাজ চলছে।অনুষ্ঠানের সভাপতি, এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক নূরুন নবী তালুকদার বলেন, এনজিও খাত নিয়ে অনেকেই নেতিবাচক কথা বলেন। সে কারণেই দেশের উন্নয়নে তাঁদের ভূমিকা জানাতে এই অনুষ্ঠান।মানুষের জন্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শাহীন আনাম বলেন, শুধু উন্নয়ন নয়, অনেক আইন প্রণয়ন, প্রচার এবং সুশাসনেও এনজিওর ভূমিকা অনেক। তিনিও এনজিওগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনজিও-বিষয়ক ব্যুরোর পরিচালক রওনক মাহমুদ। তিনি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এনজিওগুলোর ভূমিকা ও সাফল্য তুলে ধরেন। এ ছাড়া ত্রাণের পরিবর্তে জনগণের সক্ষমতা বাড়ানো, প্রকল্প প্রণয়নে দাতাদের শর্তের চেয়ে জনগণের চাহিদাকে প্রাধান্য দেওয়াসহ নানা সুপারিশ করেন তিনি।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, সেভ দ্য চিলড্রেনের মাইকেল ম্যাকগ্রাথ, নারী প্রগতি সংঘের রোকেয়া কবির, ব্র্যাকের আসিফ সালেহসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য দেন। দেশি-বিদেশি অনেক এনজিওর প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।