উন্নয়নের টাকায় জনপ্রতিনিধির কার্যালয়ে শীতাতপ যন্ত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনৈতিকভাবে গাইবান্ধার সাদুল্যাপুর ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি কার্যালয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) লাগানো হয়েছে। দুই চেয়ারম্যানই উন্নয়ন কাজের জন্য বরাদ্দ দেওয়া অর্থ দিয়ে এসি লাগিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে তাঁরা এ অভিযোগ অস্বীকার করেছেন।সাদুল্যাপুর উপজেলা চেয়ারম্যান খাদেমুল ইসলাম জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক। আর গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ জেলা আওয়ামী লীগের সদস্য। সরকারি কোনো অনুমোদন ও বরাদ্দ না থাকলেও তাঁরা এসি লাগিয়েছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাদুল্যাপুর কার্যালয়ের প্রকৌশলী সামসুজ্জামান দরপত্র আহ্বান করে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের জন্য এসি কেনার সত্যতা নিশ্চিত করেছেন। ওই কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আজহারুল হান্নান বলেন, বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) কর্মসূচির আওতায় চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি দরপত্র আহবান করা হয়। যার স্মারক নম্বর এলজিইডি/ইউই/সাদুল্যা/গাইবান্ধা/৭৫। ওই দরপত্রে ৫৭ নম্বর প্যাকেজে চার লাখ টাকা প্রাক্কলন (এস্টিমেটেড কস্ট) অনুযায়ী উপজেলা চেয়ারম্যানের কোয়ার্টারের দ্বিতীয় তলা সংস্কার কাজের কথা উল্লেখ আছে। ওই কাজের প্যাকেজের আওতায় নতুন একটি এসি কেনা হয়েছে। সরেজমিনে সাদুল্যাপুর উপজেলা চেয়ারম্যান খাদেমুল ইসলাম ও গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এসি দেখা গেছে। সাদুল্যাপুর উপজেলা চেয়ারম্যান খাদেমুল ইসলাম উন্নয়ন কাজের জন্য বরাদ্দ দেওয়া অর্থ দিয়ে এসি লাগানোর কথা অস্বীকার করে বলেন, ‘উপজেলা চেয়ারম্যানরা একজন উপসচিবের পদমর্যাদা সম্পন্ন। এ ছাড়া চেয়ারম্যানদের জন্য বরাদ্দ করা পাজেরো গাড়িতে সরকারিভাবে এসি দেওয়া হয়েছে। তাই অফিসেও নিজ উদ্যোগে এসি লাগিয়েছি। অফিস ভালো হলে কাজে উ ৎসাহ বাড়বে। এর সুবিধা কেবল আমি একাই পাচ্ছি না। প্রতিদিন অফিসে আসা লোকজনও সুবিধা পাচ্ছে।’গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে উপজেলা চেয়ারম্যানদের জন্য পাজেরো গাড়ি দেওয়া হয়। ওই গাড়িতে এসি লাগানোর জন্য ওই মন্ত্রণালয় টাকাও বরাদ্দ দেয়। এ ক্ষেত্রে একজন চেয়ারম্যান গাড়িতে এসি পেলে অফিসে লাগাতে পারবেন না কেন?। তিনি উন্নয়ন কাজের জন্য বরাদ্দ দেওয়া অর্থ দিয়ে এসি কেনার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার এবং জনগণের সুবিধার জন্য বক্তিগত টাকা দিয়ে অফিসে এসি লাগিয়েছি।’ জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী জেলা পর্যায়ে পাঁচজন পদস্থ কর্মকর্তা তাঁদের কার্যালয়ে এসি ব্যবহার করতে পারেন। তাঁরা হলেন জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও সিভিল সার্জন। তবে কোনো বিভাগের সিদ্ধান্তের ওপরও এসি ব্যবহারের বিষয়টি নির্ভর করে। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, ‘উপজেলা চেয়ারম্যানরা উপসচিবের পদমর্যাদা সম্পন্ন। তবে সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত বিধান অনুযায়ী একজন উপজেলা চেয়ারম্যান এসি পাওয়ার কথা নয়। চেয়ারম্যানরা তাঁদের নিজ উদ্যোগে এসি লাগিয়েছেন বলে শুনেছি।’