উন্নয়নের দাবিতে অবস্থান কর্মসূচি
কপোতাক্ষ-বেতনাসহ সব নদী পরিকল্পিতভাবে খনন, জলাবদ্ধতার স্থায়ী সমাধান, খুলনা রেলস্টেশন আধুনিকায়ন ও রেলের সংখ্যা বৃদ্ধি, এ অঞ্চলে পাইপলাইনে গ্যাস দ্রুত সরবরাহসহ বিভিন্ন দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি গতকাল রোববার অবস্থান কর্মসূচি পালন করেছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের পিকচার প্যালেস মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।উন্নয়ন কমিটির সভাপতি এস এম দাউদ আলীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা নুরুল ইসলাম, খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, উন্নয়ন কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান প্রমুখ। কর্মসূচিতে নগরের বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও বেসরকারি উন্নয়ন সংস্থার বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়। বক্তারা অবিলম্বে অবহেলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এসব দাবি মেনে নেওয়ার জোরালো দাবি জানিয়ে বলেন, অন্যথায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ কঠিন আন্দোলন গড়ে তুলে এ দাবি আদায় করে ছাড়বে।একই দাবিতে ৮ অক্টোবর নগরের শহীদ হাদিস পার্কে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গণ-অনশন কর্মসূচি পালিত হবে।