খুলনার পানি ব্যবস্থাপনা, যোগাযোগ, অর্থনীতি, শিল্প ও স্বাস্থ্য খাতে উন্নয়নবঞ্চনা দূর করার দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি দুই দিনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে উন্নয়ন কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ-জামান বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও খুলনায় বিমানবন্দর স্থাপন, রেলস্টেশনের আধুনিকায়ন, পাইপলাইনে গ্যাস সরবরাহ, দাদা ম্যাচ-নিউজপ্রিন্ট মিল চালু এবং বিশেষায়িত আবু নাসের হাসপাতালের পূর্ণ বাস্তবায়ন করা হয়নি। তা ছাড়া খুলনাঞ্চলের নদীগুলো বাঁচানো, জলাবদ্ধতা নিরসন ও জোয়ারাধার চালুর দাবি আদায়ের লক্ষ্যে ২ অক্টোবর নগরের পিকচার প্যালেস মোড়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবস্থান ধর্মঘট এবং ৮ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গণ-অনশন কর্মসূচি পালন করা হবে। সভায় উন্নয়ন কমিটির সভাপতি এস এম দাউদ আলী, মুক্তিযোদ্ধা স ম বাবর আলী, শেখ আবদুল কাইয়ুম, স্বপন গুহ, লোকমান হাকিম, মোশারফ হোসেন, আজাদুল হক, নাসিমা সুলতানা, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।