উন্নয়নের নামে অর্থ আত্মসাতের অভিযোগ
রংপুরের পীরগাছার পারুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ স্থানীয় একটি হাটের উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে এলাকাবাসী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের হাটবাজারের আয় থেকে ২০১১-২০১২ ও ২০১২-২০১৩ অর্থবছরে দেউতি হাটের উন্নয়নমূলক কাজের জন্য উপজেলা পরিষদ কয়েকটি প্রকল্পে মোট ১৬ লাখ সাত হাজার টাকা বরাদ্দ দেয়। এসব প্রকল্পের আওতায় দেউতি হাটে পানীয় জল সরবরাহের জন্য নলকূপ স্থাপন, পানিনিষ্কাশনের জন্য নালা নির্মাণ ও মাটি ভরাট করা এবং হাটের ভেতরের রাস্তা সংস্কারসহ আরও কয়েকটি উন্নয়নমূলক কাজ করার কথা ছিল। প্রকল্পগুলোর চেয়ারম্যান ছিলেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। তিনি এসব প্রকল্পের কোনো কাজ না করেই পুরো টাকা আত্মসাৎ করেন।
গত মঙ্গলবার দেউতি হাটে গিয়ে দেখা গেছে, হাটে জনসাধারণের জন্য পানীয় জল সরবরাহে কোনো নলকূপ বসানো হয়নি। পানিনিষ্কাশনের জন্য নালা নির্মাণ ও রাস্তা সংস্কারের কাজও হয়নি।
হাটের ব্যবসায়ী এমদাদুল হক, ফজলুল হক ও আবদুল বারী বলেন, এ হাট থেকে প্রতিবছর কয়েক লাখ টাকার রাজস্ব আয় হলেও হাটের কোনো উন্নয়ন নেই।
ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, এ হাটে জনসাধারণের জন্য কোনো শৌচাগার ও নলকূপ নেই। পানিনিষ্কাশনের নালা না থাকায় বর্ষায় হাটে কাদা পানি জমে থাকে।
ইউনিয়নের আরাজি চালুনিয়া গ্রামের ডাবলু, পারুল গ্রামের আতিয়ার রহমান ও ফজল উদ্দিন অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান হাটবাজার ও ভূমি উন্নয়ন করের আয় থেকে বরাদ্দ করা টাকার পুরোটাই ভুয়া ভাউচার দেখিয়ে আত্মসাৎ করেছেন। তিনি হাটের উন্নয়নে কোনো কাজই করেননি। তিনি ভুয়া রশিদ দেখিয়ে বরাদ্দ করা অর্থ আত্মসাৎ করেছেন। এসব অনিয়ম ও দুর্নীতি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য গত ৮ সেপ্টেম্বর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী লিখিত অভিযোগ করেন।
যোগাযোগ করা হলে পারুল ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ এসব অভিযোগ অস্বীকার করেন। হাটবাজার ও ভূমি উন্নয়ন করের আয় থেকে বরাদ্দ করা টাকা দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহমেদ বলেন, বিষয়টি তদন্তের জন্য পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বলা হয়েছে।
পীরগাছার ইউএনও আলিয়া ফেরদৌস জাহান বলেন, ঘটনাটি তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।