ঢাকায় বসে যাঁরা হাওর উন্নয়নের পরিকল্পনা করেন, তাঁরা হাওরকে শহর বানাতে চান। হাওরকে হাওরের মতো রাখতে হবে। কোনো কিছু বাদ দেওয়া যাবে না। হাওরের উন্নয়নে সমন্বিত পরিকল্পনা ও উদ্যোগ প্রয়োজন। দেশের পাঁচটি জেলার হাওর এলাকার উন্নয়নে প্রায় এক হাজার কোটি টাকার প্রকল্পের কাজ শুরুর ঘোষণার কর্মশালায় বক্তারা এসব কথা বলেছেন। বক্তারা আরও বলেন, উন্নয়নের নামে যেন হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংকটে না পড়ে। অনেক সময় কেন্দ্র থেকে যে পরিকল্পনা করা হয়, সেটির সঙ্গে মাঠের কোনো মিল থাকে না। এতে করে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হয়। ‘হাওরাঞ্চলের অবকাঠামো ও জীবনমানের উন্নয়ন’ শীর্ষক প্রকল্প নিয়ে গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জে শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সাত বছর মেয়াদি এই প্রকল্প বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কর্মশালায় জানানো হয়, এই প্রকল্পের আওতায় সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওর এলাকায় কাজ হবে। প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৯৪৫ কোটি টাকা। এর ৭০ শতাংশ দেবে জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এবং স্প্যানিশ ট্রাস্ট ফান্ড। বাকি ৩০ শতাংশ জোগাবে বাংলাদেশ সরকার। এ প্রকল্পের মাধ্যমে সুনামগঞ্জের হাওর এলাকায় ব্যয় হবে প্রায় ২০০ কোটি টাকা। কর্মশালায় মূল বক্তব্যে প্রকল্প পরিচালক এ কে এম হারুন উর রশিদ জানান, হাওর এলাকার অনুন্নত যোগাযোগ একটি বড় সমস্যা। এ কারণে সেখানকার মানুষ তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান না। এই প্রকল্পের মাধ্যমে হাওর এলাকায় প্রায় দেড় হাজার কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। একইভাবে নির্মাণ করা হবে সেতু-কালভার্ট, নদীর ঘাট। প্রকল্পের আওতায় হাওর এলাকার প্রত্যন্ত জনপদে গ্রামীণ বাজার গড়ে তোলা হবে। ভরাট হয়ে যাওয়া খাল-বিল খনন এবং সমাজভিত্তিক জলমহাল ব্যবস্থাপনার উদ্যোগ রয়েছে প্রকল্পে। এলজিইডির সিলেট বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী শওকত আলী ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। এ ছাড়া বক্তব্য দেন সুনামগঞ্জে ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম মাকসুদুল হক, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফসারুজ্জামান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আজহারুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অবনি মোহন দাস, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তফাজ্জুল হোসেন প্রমুখ। জেলা প্রশাসক বলেন, ‘আমি হাওর উন্নয়নের একটি বড় পরিকল্পনা দেখেছি। আমার কাছে মনে হয়েছে, সেটি হাওরকে শহর বানানোর পরিকল্পনা। হাওরকে হাওরের মতো রেখেই উন্নয়ন করতে হবে। এ জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’ প্রকল্প পরিচালক এ কে এম হারুন উর রশিদ বলেন, ‘এটি বড় প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়িত হলে হাওর এলাকার মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আসবে।’