উন্নয়নের নামে মেলা চলছে অশ্লীল নৃত্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর গ্রামে একটি বিদ্যালয়ের উন্নয়নের জন্য মেলার আয়োজন করা হয়েছিল। গ্রাম্য মেলায় উপহার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রির কথা ছিল। কিন্তু সেখানে এসব সামগ্রী বিক্রির পাশাপাশি যাত্রার নামে অশ্লীল নৃত্য প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে আয়োজক কমিটি সেখানে লটারি ও জুয়া খেলারও আয়োজন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার হরিনারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য স্কুল মাঠের বিশাল জায়গায় মেলার আয়োজন করা হয়েছে। ১৭ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত শুধু মেলার অনুমতি দেওয়া হয়। কোনো যাত্রার অনুমতি দেওয়া হয়নি। এলাকাবাসী অভিযোগ করেন, উদ্বোধনের দিন থেকেই সন্ধ্যার পর মেলার মাঠে জুয়া ও লটারি খেলা শুরু হয়। রাতে যাত্রার নামে অশ্লীল নৃত্য চলতে থাকে। লটারি, জুয়া ও যাত্রার বিষয়ে এলাকায় মাইকিং করে লোকজনকে উদ্বুদ্ধ করা হচ্ছে। ২৩ ডিসেম্বর সময়সীমা শেষ হওয়ার পর মেলার দিন বাড়ানোর জন্য ও যাত্রা আয়োজনের অনুমতি চেয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু ওই কার্যালয় থেকে শুধু ২৯ ডিসেম্বর থেকে যাত্রা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির আকরাম হোসেন জানান, ২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ওই মেলায় যাত্রার অনুমতি দেওয়া হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক সচেতন ব্যক্তি বলেন, সন্ধ্যার পর থেকে মেলার মাইকে উচ্চ স্বরে গান শুরু হয়। চলে শেষ রাত পর্যন্ত। রাতে স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা নিয়মিত সেখানে থাকেন। মেলার মাঠসংলগ্ন এলাকার এক বাসিন্দা জানান, রাত যত বাড়ে, নৃত্যশিল্পীরা তত কুরুচিপূর্ণ পোশাক পরে মঞ্চে আসতে থাকে। প্রতিদিন সকাল থেকে কয়েকটি মাইক নিয়ে আয়োজক কমিটির লোকজন মেলার লটারি বিভিন্ন গ্রামে বিক্রি করতে বের হয়। মেলার আয়োজক কমিটির সভাপতি ও হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘মেলায় অশ্লীল কোনো কিছুই হচ্ছে বলে তিনি জানেন না।’ কুষ্টিয়ার পুলিশ সুপার একরামুল হাবিব বলেন, ‘হরিনারায়ণপুর মেলার মাঠে কিছু নিয়ম বর্হিভূত কাজ হচ্ছিল। সে ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’