উন্নয়নের নামে স্কুলমাঠে মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্প একাধিক স্থান থাকলেও উন্নয়নের দোহাই দিয়ে বরিশাল নগরের বিএম স্কুলের মাঠ দখল করে আয়োজন করা হয়েছে মাসব্যাপী মেলা। মেলার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ তাঁত শিল্প গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে কালিবাড়ী রোডের বিএম স্কুলের মাঠে আয়োজন করা হয় তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা। মেলা উপলক্ষে কাঁটাতারের বেড়া খুলে গাছ কেটে মাঠে ঢোকার জন্য আলাদা রাস্তা করা হয়েছে। সমতল মাঠের বিভিন্ন স্থানে খুঁড়ে বসানো হয়েছে ফোয়ারা এবং বিদ্যুতের টাওয়ার ও খুঁটি। সব মিলে দিবা-রাত্রির এই মেলা চলাকালীন বিদ্যালয়ের কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের পরিবর্তে মেলার মাঠে ঘুরতে স্বচ্ছন্দ বোধ করে।সপ্তম শ্রেণীর ছাত্র কাওসার হোসেন জানায়, সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলে। এর মধ্যেই ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ক্লাস। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থীর অভিযোগ, টাকার বিনিময়েই মেলার অনুমতি দিয়েছেন প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটি।বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিবেশবিদ মুরাদ আহম্মেদ বলেন, বাণিজ্যিক কারণে একটি বিদ্যালয়ের মাঠ দখল করে মাসব্যাপী মেলার আয়োজন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আরেক প্রাক্তন ছাত্র আজমল হোসেন বলেন, বরিশালে এ ধরনের মেলা করার জন্য একাধিক স্থান থাকা সত্ত্বেও এই মাঠ কেন দেওয়া হলো তা প্রশ্ন সাপেক্ষ। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ দুলাল বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবসায়ী মনোবৃত্তি নিন্দনীয়। তবে বিদ্যালয়ের মাঠ দখল করে মেলার আয়োজন করলেও বিদ্যালয়ের কার্যক্রমের কোনো ক্ষতি হয়নি দাবি করে প্রধান শিক্ষক মো. আবদুল লতিফ বলেন, বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে মেলার অনুমতি দেওয়া হয়েছে। একই কথা বলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য এম জি কবির।