উন্নয়নের নামে ৪৯৮টি শালগাছ কাটার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক উন্নয়নের জন্য গাজীপুরের জয়দেবপুর থেকে মাওনা পর্যন্ত বন বিভাগের সংরক্ষিত প্রাকৃতিক বনের ৪৯৮টি শালগাছ কাটা ও অপসারণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরিবেশ ও বন মন্ত্রণালয় এ প্রস্তাবটি মন্ত্রিসভায় পেশ করে। এর আগেও ২০১২ এই সড়ক উন্নয়নের জন্য আরও গাছ কাটার অনুমোদন দেওয়া হয়েছিল।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, সংরক্ষিত প্রাকৃতিক বন থেকে ২০১৫ সাল পর্যন্ত গাছ কাটা বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল। কিন্তু জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য এ সিদ্ধান্ত আংশিক শিথিল করা হয়েছে। তিনি আরও জানান, যে পরিমাণ গাছ কাটা হবে, সেই পরিমাণ গাছ অন্য জায়গায় লাগানো হবে।
বৈঠকে বাংলাদেশের মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।
পুলিশের মুঠোফোন জঙ্গিদের হাতে ছিল: দুজন মন্ত্রী প্রথম আলোকে বলেন, নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় গত রোববার পুলিশ ভ্যানে গুলি চালিয়ে ও বোমা মেরে দণ্ডপ্রাপ্ত জেএমবির তিন জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি আলোচনা হয়। বৈঠকে কোনো কোনো মন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভয়ংকর তিনজন জঙ্গিকে প্রিজনভ্যানে নেওয়ার সময় পুলিশের পাহাড়া যথেষ্ট ছিল না। তিনজন জঙ্গির জন্য মাত্র চারজন পুলিশ ছিল। এ ছাড়া প্রিজন ভ্যানে থাকা পুলিশের মুঠোফোন জঙ্গিদের হাতে ছিল বলে একজন মন্ত্রী মন্ত্রিসভায় জানান।
প্রধানমন্ত্রী বলেছেন, পালিয়ে যাওয়া জঙ্গিদের খুঁজে বের করা হবেই।
একজন মন্ত্রী প্রথম আলোকে বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রয়োজনে আরও জোরদার করা হবে।
উপজেলায় বিদ্রোহী প্রার্থীদের থামানোর নির্দেশ: বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী উপজেলা নির্বাচনে যাতে দলের একাধিক প্রার্থী না থাকে সে বিষয়টি দেখার জন্য যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরকে বলেছেন। সূত্রমতে, প্রধানমন্ত্রী মন্ত্রীদের বলেছেন, অনেক উপজেলায় যে প্রার্থী জেতার সম্ভাবনা আছে তাঁকে দলীয় সমর্থন দেওয়া হয় না।